অধিকার নিশ্চিতে বিচার বিভাগ হস্তক্ষেপমুক্ত হতে হবে: বিচারপতি ফারাহ মাহবুব  

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৮ পিএম

সাংবিধানিক অধিকার নিশ্চিতে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের হস্তক্ষেপমুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব। বৃহস্পতিবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) ও ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। এতে সহযোগিতা করে বাংলাদেশে অবস্থিত সুইডিশ অ্যাম্বাসি ও ইউএনডিপি।

বিচারপতি ফারাহ মাহবুব বলেন, ‘স্বাধীন বিচার বিভাগই পারে সংবিধানে থাকা জনগণের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে। তাই সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ মুক্ত হতে হবে।’ প্রধান বিচারপতির প্রস্তাবিত আইনি সংস্কার বিষয়ে রোডম্যাপ বাস্তবায়নে এলআরএফকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফ্যান লিলার, সুইডেন দূতাবাসের হেড অব মিশন মারিয়া স্ট্রাইডসম্যান। তারা বিচার বিভাগের সংস্কার নিয়ে প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি বিচারব্যবস্থার স্বাধীনতা এবং নিরপেক্ষতা সমুন্নত রাখতে রোডম্যাপ বাস্তবায়নে জনসচেতনতা বাড়াতে ইউএনডিপি এবং সুইডেন দূতাবাস একযোগে কাজ করছে বলে জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন এলআরএফ’র ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন, ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস আব্দুল কাইয়ুম এবং এনআইএমসি পরিচালক (প্রশাসন ও  উন্নয়ন) মারুফ হোসেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক তানজিম তামান্না। সকালে প্রথম সেশন শেষে দিনব্যাপী কর্মশালায় সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোসাইন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের  (এনআইএমসি) পরিচালক ড. মো. মারুফ নওয়াজ, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক এবং মোবাইল জার্নালিজম বিশেষজ্ঞ ড. কাবিল খান কর্মশালায় বক্তব্য দেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত