ইংলিশ প্রিমিয়ার লিগের ২৭তম ম্যাচে আর্সেনাল ড্র করে নটিংহ্যামের বিপক্ষে। আর্সেনালের সেই ম্যাচের ৪৫ মিনিট পর লিভারপুলের ম্যাচ ছিল নিউক্যাসলের বিপক্ষে। অলরেডদের সামনে সুযোগ আসে নিজেদের ২৮তম ম্যাচে জয় তুলে নিয়ে ব্যবধান আরও বাড়ানোর। সেই কাজটা ভালোভাবেই করেছে অলরেডরা। অ্যানফিল্ডে লিভারপুল ২-০ গোলে হারিয়েছে নিউক্যাসলকে। তাতে দুইয়ে থাকা আর্সেনালের (৫৪) চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে গেছে লিভারপুল (৬৭)। লিগে তাদের বাকি আর ১০ ম্যাচ। আর্সেনালের বাকি ১১টি।
অ্যানফিল্ডে ১১ মিনিটে লুইস দিয়াজের কাটব্যাকে অরক্ষিত সোবোসলাই সহজেই বল নিউক্যাসলের জালে পাঠান। ৩০ মিনিটে গোলের জন্য প্রথম কোনো শট নিতে পারে নিউক্যাসল। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করেন সোবোসলাই। ডিয়েগো জটার কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে তার নেওয়া শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। পাল্টা আক্রমণে সালাহর কাটব্যাকে বল পেয়ে নিউক্যাসলের দুই খেলোয়াড়ের মধ্যে দিয়ে আড়াআড়ি শটে গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। দুই গোলে এগিয়ে যাওয়ার পর লিভারপুল সমর্থকরা গ্যালারিতে হর্ষধ্বনি তোলে, ‘আমরা লিগ জিততে যাচ্ছি।’
