বন্ধ হবে না প্রাথমিক ফুটবল উৎসব

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৭ এএম

গত বছর আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে বিদায় নিয়েছে দেড় দশক দেশের শাসনে থাকা আওয়ামী লীগ সরকার। ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিদায়ের পর ফুটবল অঙ্গনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এখন কি আর শেখ হাসিনার বাবা-মায়ের নামে ভীষণ জনপ্রিয়তা পাওয়া প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে দেশব্যাপী হবে ফুটবল উৎসব?

প্রান্তিক পর্যায় থেকে ফুটবলার উঠে আসার বড় ক্ষেত্র হিসেবে ধরা হয় এ দুটি টুর্নামেন্ট। যেখানে অংশ নেয় কয়েক লাখ খুদে ফুটবলার। এই টুর্নামেন্টের বাই প্রোডাক্ট ধরা হয় বাংলাদেশ নারী ফুটবল দলের ধারাবাহিক সাফল্যকে। তো এ দুটি টুর্নামেন্ট যদি বন্ধ হয়ে যায়, তবে তো বন্ধ হয়ে যাবে বড় একটা পাইপলাইন। এই শঙ্কাটা দূর করলেন অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি জানিয়েছেন, এ দুটি টুর্নামেন্ট নিয়মিতই আয়োজনের কথা। বৃহস্পতিবার নাম বদলে এ দুটি আসরের ফাইনাল ম্যাচ হয়েছে জাতীয় স্টেডিয়াম, ঢাকায়। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ (বালক ও বালিকা) ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগের ফাইনালে জয় পেয়েছে কক্সবাজারের হাতিয়ার উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেয়েদের ফাইনালে সেরা হয়েছে পাবনার সাঁথিয়া উপজেলার জোড়গাঝা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বালকদের ফাইনালে কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ফাইনালে হারায় সিলেট বিভাগের সুনামগঞ্জ সদরের ইছাঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। আর মেয়েদের ফাইনালে জোড়গাঝা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে।

ফাইনাল দুটি শুরুর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘আমাদের পরিকল্পনা এই টুর্নামেন্টকে চালু রাাখার এবং যারা খেলাকেই প্রফেশন হিসেবে নিতে চায় তাদের জন্য সুযোগ তৈরি করে দেওয়া।’

এদিকে পাবনার প্রত্যন্ত অঞ্চল জোড়গাঝা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী লামিয়া খাতুন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার প্রতিক্রিয়ায় বলে, ‘সাবিনা আপুকে খোলা বাসে চড়ে আনন্দ করতে দেখেছি। দেশের সবাই তাদের দেখেছেন। আমারও স্বপ্ন একদিন জাতীয় দলে খেলব। ছাদখোলা বাসে সংবর্ধনা পাব।’ মেয়েদের আসরের সর্বোচ্চ গোলদাতা হয়েছে বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হিয়ামনি। বালক বিভাগের সেরা কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজার শাহিনুল ইসলাম।

গত জুনে দেশের প্রায় সাড়ে ৬৫ হাজার স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে শুরু হয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত