বইমেলার শেষ দিন আজ পূরণ হয়নি প্রত্যাশা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৩ এএম

প্রাণের মেলা অমর একুশে বইমেলার শেষ দিন আজ। মাস জুড়ে বইমেলা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল। প্রথম দিকে মেলায় দর্শনার্থীদের আগমন ঘটলেও বিক্রি ছিল তুলনামূলক কম। তবে মেলার শেষ সপ্তাহে এসে বিক্রিও বেড়েছে বেশ। যদিও পুরো মাসের হিসাবে এখনো সন্তুষ্ট নন প্রকাশকরা। তাদের প্রত্যাশা ছিল, আরও বেশি বিক্রির হবে এবারের বইমেলায়।

গতকাল বৃহস্পতিবার বইমেলায় ঢুকতেই দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ছুটির দিন না হলেও একেবারে শেষ প্রান্তে এসে মেলায় নিজের উপস্থিতি জানান দেওয়া ছিল অন্যতম লক্ষ্য। আবার বছরের একমাত্র বইমেলা থেকে বই কিনে পড়ার স্বাদ থেকেও বিরত থাকতে চাননি অনেকে। ফলে মেলায় সর্বসাধারণের ভিড় লেগেই ছিল।

বৃহস্পতিবার বইমেলায় প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা ১৭৬টি। অন্যদিকে গত ২৭ দিনে মেলায় প্রকাশিত বইয়ের সংখ্যা ৩ হাজার ৫৯টি। মেলা বিকেল ৩টায় শুরু হয়ে রাত ৯টায় শেষ হয়।

এবারের বইমেলায়, কাশবন প্রকাশন থেকে মেলায় এসেছে সৈয়দ আবদাল আহমদের লেখা ‘নন্দিত নেত্রী খালেদা জিয়া : সংগ্রামমুখর জীবনালেখ্য’ শীর্ষক জীবনীগ্রন্থের সপ্তম সংস্করণ। শেখ হাসিনার জুলুমের কারাগার থেকে খালেদা জিয়ার মুক্তি, লন্ডনে উন্নত চিকিৎসা, ডামি নির্বাচন এবং সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসে তাকে সম্মান জানানোর বিষয়গুলো নতুন সংস্করণে সংযোজন করা হয়েছে। বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৯১ সালের আগস্টে। বইটির দাম ৬৫০ টাকা।

বইমেলায় ঘুরতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, ফেব্রুয়ারি মাস জুড়ে নানা ব্যস্ততা থাকায় আসা হয়নি। তাই সময় করে আজকেই চলে এলাম। বইমেলা থেকে কয়েকটা বই যদি না কিনতে পারি আরও এক বছর অপেক্ষা করতে হবে।

মেলায় দেখা যায় চার বান্ধবীকে বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে বই কিনতে। তাদেরই একজন সায়েমা বলেন, মেলায় বেশ কয়েকবার এসেছি। বইও কিনেছি। কিন্তু আগামীকাল মেলা শেষ হয়ে যাবে তাই আজকে শেষ দিনের মতো ঘুরছি। কিছু বইও কিনেছি।

দ্বিমিক প্রকাশনীর বিক্রয়কর্মী শান্তা সেতু বলেন, মেলায় পাঠক আসছেন, বই কিনছেন। শেষ সময়ে বেচাবিক্রি কয়েকগুণ বেড়েছে। এ প্রকাশনী থেকে বের হয়েছে তামিম শাহরিয়ার সুবিনের লেখা ‘কম্পিউটার প্রোগ্রামিং’ (প্রথম খ- থেকে তৃতীয় খ-), তাহমিদ রাফির ‘প্রোগ্রামিং এক্সারসাইজ’, তামিম শাহরিয়ার সুবিন, তাহমিদ রাফি ও তামান্না নিশাত রিনির লেখা ‘৫২টি প্রোগ্রামিং সমস্যা’ বইগুলো।

অন্য প্রকাশের এক বিক্রয়কর্মী বলেন, মেলার শুরুর দিকে দর্শনার্থীদের আগমন বেশি হলেও বিক্রি ছিল খুব কম। তবে লাস্ট কয়েক দিন অনেক বিক্রি হয়েছে। যদিও মাস জুড়ে আরও বিক্রি হবে আশা করেছিলাম।

বিদ্যা প্রকাশ স্টলের ব্যবস্থাপক বলেন, আমরা আরও বেশি বিক্রির আশা করেছিলাম। তবুও খারাপ বিক্রি হয়েছে এমনটা না। মানুষ আসছে, বই কিনছে, মেলাকে উপভোগ করছে।

আজকের অনুষ্ঠান : আজ ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার। অমর একুশে বইমেলা ২০২৫-এর সমাপনী দিন। মেলা শুরু হবে বেলা ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেলায় থাকবে শিশুপ্রহর।

সমাপনী অনুষ্ঠান : আজ বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। প্রতিবেদন উপস্থাপন করবেন ‘অমর একুশে বইমেলা ২০২৫’-এর সদস্য সচিব ড. সরকার আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো. মফিদুর রহমান। অনুষ্ঠানে কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২৫, সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২৪, চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত