বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ২০৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষিত হয়। এ ছাড়া আগের দিনের দুপক্ষের হাতাহাতির ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়। এদিকে সংগঠনটির কেন্দ্রীয় সিনিয়র সদস্য সচিব তার পদ থেকে ইস্তফা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। অন্য পদপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সংগঠনটির মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বিইউপি, ইউল্যাব, জাতীয় বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন।
সংগঠনটির দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিতে প্রধান করা হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরীকে। অন্য দুজন সদস্য হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সংগঠক নাঈমা আবেদীন। তদন্ত কমিটি আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে এবং জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আবু বাকের মজুমদার।
গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন রিফাত রশিদ। সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটিতে রিফাত রশিদ আর নেই। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে বাকের মজুমদার বলেন, গত বুধবার আত্মপ্রকাশ অনুষ্ঠান ঘিরে একটি অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে সেই অনাকাক্সিক্ষত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কখনোই আমরা চাই না যে অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টি হোক। গত বুধবার একটা অংশ এসে উত্তেজনার সৃষ্টি করে। আমরা কমিটি ঘোষণার আগেই এ পরিস্থিতি করার চেষ্টা করা হয়।
তিনি বলেন, অনেক ছাত্র সংগঠনের মধ্যে শিক্ষার্থীরা অছাত্র হওয়া সত্ত্বেও থাকে। আমরা যে জরিপ করেছি, সেখানে ছাত্ররা বিভিন্ন মতামত দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা স্থির করেছি, সংগঠনে ২৮ বছরের বেশি বয়সের কেউ থাকবে না। এই সংগঠনটির বিশেষত্ব হলো দেশের অন্যান্য ছাত্র সংগঠন রাজনৈতিক লেজুড়বৃত্তি করলেও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কখনো লেজুড়বৃত্তি করবে না।
আবু বাকের বলেন, সারা দেশের স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা সব প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ কমিটি আমরা করি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রকাশ করতে পারিনি। আমাদের আহ্বায়ক কমিটিতে হাজার হাজার মানুষকে নিয়ে আসা সম্ভব নয়। আহ্বায়ক কমিটির কাজ হচ্ছে কাউন্সিলের মাধ্যমে বিভিন্ন ইউনিটভিত্তিক কমিটি করা। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। কমপক্ষে ছয় মাস সময় লাগবে সারা দেশের কমিটি করতে। সারা দেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে যোগ দেওয়ার আকাক্সক্ষা দেখতে পেয়েছেন উল্লেখ করে তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
সংগঠনটির সদস্য সচিব জাহিদ আহসান বলেন, কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়জন, পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটির কয়জন এটা জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা নয়। কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, কে নর্থ সাউথে পড়ে, কে ব্র্যাকে পড়ে সেটা আমরা দেখব না। জুলাই স্পিরিটকে ধারণ করে দেশের জন্য যারা কাজ করতে চায়, আমরা তাদেরই গুরুত্ব দেব। জুলাইতে যেহেতু আমরা পাবলিক প্রাইভেট বিভাজনটা করিনি, আজকেও আমরা এটার পক্ষে নই।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব মহির আলম, মুখপাত্র আশরেফা খাতুন, ঢাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবদুল কাদের, সদস্য সচিব আল আমিন সরকার প্রমুখ।
এর আগে গত বুধবার ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’ মূলনীতি ও ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ সেøাগান সামনে রেখে কমিটি ঘোষণা করে আত্মপ্রকাশ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।
