ম্যাক্সওয়েলকে নিয়ে আর দুঃস্বপ্ন দেখে না আফগানিস্তান

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৮ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় জিতেই যাচ্ছিল আফগানিস্তান। হাতছানি দিচ্ছিল সেমিফাইনালে ওঠার স্বপ্ন। কিন্তু শেষে গ্লেন ম্যাক্সওয়েল সব এলোমেলো করে দিলেন। পায়ে ক্রাম্প নিয়ে খেললেন ২০১* রানের অতিমানবীয় ইনিংস। শেষ হয়ে গেল আফগানিস্তানের সেমির স্বপ্ন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেই স্মৃতি এখনো তরতাজা। তবে আফগানাদের মাঝে এখন আর ম্যাক্সওয়েলভীতি নেই।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছিল আফগানরা। উঠেছিল সেমিফাইনালে। চলতি চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে সেমির স্বপ্ন বাঁচিয়ে রেখেছে আফগানরা। আজ শুক্রবার তাদের প্রতিপক্ষ সেই অস্ট্রেলিয়া। মাঠে নামার আগে ম্যাক্সওয়েলের প্রশ্নে বেশ বিরক্তই হলেন আফগানিস্তানের অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শহিদির কাছে প্রশ্ন গেল- ম্যাক্সওয়েলের মতো বিধ্বংসী ব্যাটারকে তার দল আটকাতে পারবে? জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে আফগান অধিনায়ক বলেন, ‘আপনি ভাবছেন আমরা কি শুধু ম্যাক্সওয়েলের সঙ্গে খেলতে আসবো? আপনি কি ভাবেন এরকমটা হবে? আমাদের পুরো অস্ট্রেলিয়া দল নিয়ে পরিকল্পনা রয়েছে।’

আফগান অধিনায়ক আরও বলেন, ‘আমি জানি সে (ম্যাক্সওয়েল) ২০২৩ বিশ্বকাপে খুব ভালো খেলেছে কিন্তু সেটা ইতিহাসের অংশ। এরপর আমরা তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে হারিয়েছি। আর আমরা সব প্রতিপক্ষ সম্পর্কে ভাবি। একজনের পরিকল্পনা নিয়ে মাঠে আসছি না। তো হ্যাঁ, পরিকল্পনা নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের এবং আমরা শুধু ম্যাক্সওয়েলের সঙ্গে খেলছি না। আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে যাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত