সাভারে মহাসড়কের পাশে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সাভার হাইওয়ে থানা পুলিশ। অভিযান পরিচালনার সময় অন্তত চার শতাধিক ছোট-বড় স্থাপনা উচ্ছেদ করা হয়।
আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সওগাতুল আলম।
উচ্ছেদ অভিযানের বিষয়ে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সওগাতুল আলম জানান, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফুটপাত দখল করে অবৈধভাবে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করে সেগুলো সাধারন ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছিলো একটি চক্র। এসব অবৈধ স্থাপনার কারনে পথচারীদের যেমন হাঁটা-চলায় সমস্যা হচ্ছে তেমনি কোথাও কোথাও যান চলাচলে ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
যানজট নিরসনসহ পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে সাভার হাইওয়ে থানা পুলিশ গত কয়েকদিন ধরেই ফুটপাত দখলমুক্ত রাখতে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে অন্তত চার শতাধিক ছোট-বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের যেসব স্থানে এ রকম অবৈধ স্থাপনা রয়েছে সেগুলোও উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
অন্যদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমকে স্বাগত জানিয়েছে স্থানীয় সাধারণ জনগোষ্ঠী ও সড়কটি ব্যবহারকারী পথচারীরা। আসন্ন রমজানকে কেন্দ্র করে পুলিশের এমন অভিযান জনবান্ধব বলে জানান স্থানীয়রা।
যুগ্ম সচিব পরিচয়ে দুই শিক্ষকের কাছে চাঁদা দাবি, থানায় অভিযোগ
নির্বাচিত সরকার হলে পুলিশ-প্রশাসন শৃঙ্খলার মধ্যে থাকে