নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইউনিভার্সিটি ফার্মেসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম ‘গ্র্যান্ড ফার্মা রিইউনিয়ন-২০২৫’। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বেড়িবাঁধ এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়।
রিইউনিয়নে তিন শতাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, শিল্প ও গবেষণা প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় ব্যক্তি অংশ নেন। দিনব্যাপী এই আয়োজন ফার্মেসি পেশার উত্তরাধিকার, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা উদযাপনের এক অনন্য মিলনমেলা হয়ে ওঠে।
উদ্বোধনী অধিবেশন পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। তিনি ফার্মাসিস্টদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদানের কথা তুলে ধরেন এবং ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও রেগুলেটরি অথরিটির মধ্যে সহযোগিতার গুরুত্বের ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠান সভাপতি ও বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, এটি একটি ঐতিহাসিক আয়োজন, যা ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও রেগুলেটরি মধ্যে সমন্বয় বৃদ্ধি করবে এবং বাংলাদেশের ফার্মাসি পেশার ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকারিয়া ফারুকী স্বাগত বক্তব্যে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মধ্যে সংযোগ জোরদার করার প্রয়োজনীয়তা এবং ফার্মেসি পেশার উন্নয়নে সহযোগিতামূলক প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন।
বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের অধ্যাপক ও বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের উপদেষ্টা ড. এসএম আবদুর রহমান বলেন, সঠিক ওষুধ নির্বাচন এবং ওষুধের যৌক্তিক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে স্বাস্থ্যসেবায় গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের অপরিহার্য ভূমিকা রয়েছে। এ জন্য সরকারি চাকরিতে ফার্মাসিস্টদের জন্য বিসিএস ফার্মেসি ক্যাডার চালু করা প্রয়োজন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সিনিয়র ফার্মাসিস্ট বেলায়েত হোসেন দেশে হাসপাতাল, ক্লিনিক্যাল, রিটেইল ও কমিউনিটি ফার্মেসির বাস্তবায়নের গড়িমসি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের সভাপতি আজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান তানভীর ফার্মাসিস্টদের ছয় দফা প্রস্তাব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন- বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুবুল হক ও বোর্ড অব ট্রাস্টিজ প্রকৌশলী গোলাম দস্তগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. সেলিম রেজা, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সচিব মোহাম্মদ মাহবুবুল হক, ফার্মার বাংলাদেশের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন শিকদার এবং বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের সভাপতি আজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান তানভীর।
এছাড়াও বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রতি ব্যাচের শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থীদের মেধা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে নেটওয়ার্কিং ও ইন্টারেক্টিভ সেশনে অ্যালামনাইদের গল্প, র্যাফেল ড্র এবং জনপ্রিয় শিল্পী নোবেলের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসব পরিবেশিত হয়।
