‘অনুপ্রবেশকারী থাকায়’ ডুয়েট ছাত্রদলের ১৫ নেতার পদত্যাগ

আপডেট : ০২ মার্চ ২০২৫, ১২:২৫ এএম

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ছাত্রদলের কমিটি ঘোষণার পর সভাপতি, কয়েকজন সহসভাপতি, সিনিয়র যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ১৫ জন নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগী নেতারা ঘোষিত কমিটিতে বিবাহিত, অছাত্র, ছাত্রশিবির ও নিষিদ্ধ  ছাত্রলীগকে স্থান দেয়ার অভিযোগ আনেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন নবগঠিত কমিটির সভাপতি মো. আশরাফুল হক।

শনিবার (১ মার্চ) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই কমিটি  অনুমোদন দেন। ২৮ সদস্যের কমিটিতে মো. আশরাফুল হককে সভাপতি, মো. রুকন আলীকে সিনিয়র সহসভাপতি, মো. জামিরুল ইসলাম জামিলকে সাধারণ সম্পাদক করা হয়। নির্দেশনা দেওয়া হয় ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার। আর কমিটি প্রকাশ হওয়ার পরে রাতেই ১৫ জন নেতা পদত্যাগ করেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো পদত্যাগপত্রে পদত্যাগী নেতারা উল্লেখ করেন, ডুয়েটের নবগঠিত কমিটিতে শিবিরের স্বার্থপ্রতিষ্ঠা হয়েছে। অনুপ্রবেশকারীকে পদায়ন করায় ডুয়েট ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ছাত্রদলের রাজনীতি করা সম্ভব নয়। কমিটিতে শিবিরের সংশ্লিষ্টতার প্রমাণ দিলেও কেন্দ্রীয় নেতৃত্ব তা আমলে নেয়নি। তাছাড়া গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানালেও তা মানা হয়নি। পদত্যাগ করা ছাত্রদল নেতারা তাদের অভিযোগ তদন্ত করে দেখার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে অনুরোধ জানিয়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত