ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) উদ্বোধনী দিনেই বিতর্ক। বিকেএসপির মাঠে রূপগঞ্জ টাইগার্স ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচে রান আউট বিতর্কে উত্তপ্ত হয় মাঠ, যার জেরে কোচ, অধিনায়ক ও ম্যানেজারকে শাস্তি দেওয়া হয়েছে।
রূপগঞ্জের ২১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে প্রাইম ব্যাংক। দলীয় ৭ রানেই হারিয়ে ফেলে ৩ উইকেট। এই অবস্থায় ব্যাটিং করছিলেন ইরফান শুক্কুর ও শাহাদাত হোসেন দিপু।
দলীয় ২৩ রানের মাথায় ফাহাদ হোসেনের বলে এক্সট্রা কাভারে ঠেলে রান নিতে যান অধিনায়ক শুক্কুর। তবে দ্রুত থ্রোয়ে রান আউটের ফাঁদে পড়েন তিনি। আউটের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে কিছুক্ষণ ক্রিজেই দাঁড়িয়ে থাকেন শুক্কুর। পরে দলের প্রধান কোচ তালহা জুবায়েরও মাঠে প্রবেশ করেন এবং ম্যাচ রেফারির সঙ্গে দীর্ঘ আলোচনায় জড়ান। ফলে কিছুক্ষণ খেলা বন্ধও থাকে।
তবে আম্পায়ারের অনড় সিদ্ধান্তের মুখে শেষ পর্যন্ত ডাগ আউটে ফিরে যেতে হয় শুক্কুরকে।
অশোভন আচরণের জন্য প্রাইম ব্যাংকের প্রধান কোচ তালহা জুবায়ের ও অধিনায়ক ইরফান শুক্কুরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া ম্যানেজার দেব চৌধুরীও সমান অঙ্কের জরিমানা গুনেছেন।
শুধু জরিমানাই নয়, শুক্কুরকে দেওয়া হয়েছে ৩টি ডিমেরিট পয়েন্ট। এর আগে তাঁর নামের পাশে ছিল ১টি ডিমেরিট পয়েন্ট। ফলে মোট ৪ পয়েন্ট হওয়ায় পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
শুক্কুরের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব কে দেবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রাইম ব্যাংকের প্রধান কোচ তালহা জুবায়ের জানিয়েছেন, অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে আছেন জাকির হাসান ও নাঈম শেখ। তাদের মধ্যেই একজন আগামী ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন।
ব্যাটারদের জন্য কঠিন হতে পারে ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের উইকেট
যদি চিকন ছেলেদের চান, তবে মডেলদের বেছে নিন- গাভাস্কারের কড়া জবাব