বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে জাকারিয়ার নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে উচ্চ আদালত। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল দেন।
চার সপ্তাহের মধ্যে খাদ্য সচিব ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হুমায়ুন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান। গত বছরের ৩০ জানুয়ারি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকারিয়াকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
রিট আবেদনে বলা হয়, ২০১৩ সালের নিরাপদ খাদ্য আইনের ৯ ধারা অনুযায়ী খাদ্য বিষয়ে অন্যূন ২৫ বছরের পেশাগত অভিজ্ঞতা এবং বিস্মৃত বিশেষায়িত জ্ঞান ও দক্ষতাসম্পন্ন কোন ব্যক্তি চেয়ারম্যান হিসাবে নিয়োগ লাভের যোগ্য হবেন। অথচ বর্তমান চেয়ারম্যান একজন অতিরিক্ত সচিব। নিরাপদ খাদ্য আইনের ৯ ধারার কোনো যোগ্যতাই বর্তমান চেয়ারম্যানের নেই। এর আগে গত ২৩ জানুয়ারি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশের জবাব না পাওয়ায় হাইকোর্টে এ রিট আবেদনটি করা হয়।
ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব দেশ রূপান্তরকে বলেন, ‘সংশ্লিষ্ট আইনেই বলা আছে, নিরাপদ খাদ্যের বিষয়ে বিশেষায়িত জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে এ সংস্থায় নিয়োগ দিতে হবে। কিন্তু এমন একজন ব্যক্তিকে এই গুরুত্বপূর্ণ সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যার এ বিষয়ে কোনো ধারণা নেই। আদালত আমাদের বক্তব্য শুনে নিয়োগের বৈধতা প্রশ্নে রুল দিয়েছেন।’
