নিজের পথ পরিস্কার করতে সাধারণ সম্পাদক পদ থেকে আনোয়ারুল হক হেলালকে সরিয়ে দিয়েছেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। গঠণতন্ত্র থেকে বয়সের বাধ্যবাধকতা তুলে দিয়ে তিনি চাইছেন আরও এক প্রস্থে সাফের সভাপতি থাকতে। গঠনতন্ত্রে এই পরিবর্তনটা হেলাল থাকলে করা কঠিন সালাউদ্দিনের জন্য। তাছাড়া এএফসিও চায় না সাফে সভাপতি ও সাধারণ সম্পাদক হোক এক দেশ থেকে। তাই সালাউদ্দিনের মনোবাসনা পূরণ করতে এএফসিও পথের কাঁটা হেলালকে সরিয়ে দিতে বলেছে সালাউদ্দিনকে।
এফসি'র কথা রাখতে গিয়ে সাফকে একটি শক্ত অবকাঠামো দিতে মূল ভূমিকা রাখা হেলালকে বাধ্য করা হয়েছে পদত্যাগ করতে। দীর্ঘ দশ বছরে সাফকে একটা শক্ত অবস্থানে নিয়ে গিয়েছিলেন হেলাল। তারপরও সালাউদ্দিনের ক্ষমতা আঁকড়ে রাখার বাসনাই তাকে থাকতে দিলো না এই পদে। এবার তার জায়গায় আসছেন নেপালের পুরুষোত্তম কাট্টাল।
নেপালের এই ব্যক্তি অতীতে ছিলেন সাংবাদিক। এই পেশা ছেড়ে তিনি যোগ দিয়েছিলেন এএফসিতে। বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে, সর্বশেষ দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করা কাট্টাল সাফের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেবেন ১ এপ্রিল থেকে। নেপালের এক সিনিয়র ক্রীড়া সাংবাদিক অঞ্জন কাডকা জানিয়েছেন, '২০০৮ সালে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের সহায়তায় কাট্টাল এএফসিতে যোগ দেন। এরপর থেকে দক্ষিণ এশিয় অঞ্চলে বিভিন্ন দায়িত্বে ছিলেন তিনি।'
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ পত্র জমা দেন হেলাল। পরবর্তীতে নানা সূত্র নিশ্চিত করে সালাউদ্দিনের কারণেই তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।
