গাজীপুরের টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্যকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় স্থানীয় শিলমুন মোল্লার গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই শিক্ষার্থীর নাম শাহাদাত হোসেন (২৭)। তিনি পূবাইল থানা কমিটির সদস্য।
এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শাহাদাত। পরে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- কুমিল্লার মনোহরগঞ্জ থানার লক্ষ্মণপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে মো. হোসেন (২২) ও বরিশালের বাকেরগঞ্জ থানার বরপাশা মাঝিবাড়ী গ্রামের দলিল মাঝির ছেলে জাকির হোসেন মাঝি (৪৮)।
শাহাদাত হোসেন জানান, টঙ্গীর শিলমুন মোল্লার গ্যারেজ এলাকায় তার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ। এ সময় তিনি প্রতিবাদ করলে পিকআপচালক ও গ্যারেজ মালিকরা এক হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। খবর পেয়ে তার সহপাঠীরা উদ্ধার করতে গেলে তাদেরকেও ডাকাত অপবাদ দিয়ে মারধর করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গিয়ে তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন শাহাদাত হোসেন। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
