সুখবরের আশায় টিভির সামনে বসেছিলেন নেইমার

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৯:৫১ এএম

গত ১৭ মাসে অনেককিছু ঘটে গেছে ফুটবল দুনিয়ায়। নেইমারও আল হিলাল ছেড়ে ফিরেছেন নিজের শৈশবের ক্লাব সান্তোসে। কিন্তু দেশের হয়ে খেলা তো ভিন্ন জিনিস। চোটের কারণে দীর্ঘ ১৭ মাস জাতীয় দলের বাইরে থেকে যন্ত্রণায় দিন কাটছিল ব্রাজিল সুপারস্টারের। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। জাতীয় দলের স্কোয়াডে দেখা গেল নেইমারের নাম।

বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ২১ ও ২৫ মার্চ কলোম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে দুটি ম্যাচের জন্য নেইমারকে রেখে চূড়ান্ত ২৩ জনের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। এই ঘোষণাটা শোনার জন্য নেইমার উন্মুখ হয়ে টিভির সামনে বসেছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের দলে ফেরার প্রতিক্রিয়াও জানিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

নেইমারের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, টিভিতে দল ঘোষণা করছেন দরিভাল জুনিয়র। টিভির সামনে বসে সেটা দেখছেন নেইমার। ছবির ক্যাপশনে নেইমার লিখেছেন ‘ফিরতে পেরে অনেক আনন্দিত।’ নেইমারকে ফেরাতে পেরে দরিভালও বেশ আনন্দিত, ‘নেইমারএখন নিজের ছন্দ ফিরে পাওয়ার পথে আছে, আমরা সেটা জানি ও বুঝতে পারি। আমরা বিশ্বাস করি, যে সামর্থ্য ও গুণাবলি তার আছে, সেটা দিয়ে মাঠে যেকোনো পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব।’

দরিভাল জুনিয়র আরও বলেন, ‘আমরা তার ফেরার অপেক্ষায় আছি। এটাই প্রথম সুযোগ, যা আমরা তাকে দিতে পারি। আমি আশা করি, যখন সে দলে ফিরবে, সে আনন্দিত হবে। এখন আমাদের তাকে নিজের সক্ষমতা বিকাশের আত্মবিশ্বাস দিতে হবে। অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা তৈরি করা উচিত হবে না। আমাদের তার ফিরে আসার ওপর সব দায়িত্ব যেন চাপিয়ে না দেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত