নিউজিল্যান্ডের ভ্রমণ ৭ হাজার কিমি; ভারতের শূন্য!

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৯:২৪ এএম

চ্যাম্পিয়নস ট্রফির শিরোপার লড়াইয়ে আগামী রবিবার মুখোমুখি হতে যাচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড। হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত তাদের সব ম্যাচ খেলছে দুবাইয়ে। তাই তাদেরকে অন্য ভেন্যুতে যাতায়াতে বাড়তি কোনো বিমান ভ্রমণ করতে হচ্ছে না। অন্যদিকে পাকিস্তান-দুবাই-পাকিস্তান করতে করতে নিউজিল্যান্ডের অবস্থা হয়েছে করুণ।

ভারত এবং নিউজিল্যান্ড দুই দলই সেমিফাইনাল পর্যন্ত ৪টি করে ম্যাচ খেলেছে। ম্যাচসংখ্যা সমান হলেও টুর্নামেন্টজুড়ে দৌড়ঝাঁপে দুই দল দুই মেরুতে। রোহিত শর্মারা ভারত থেকে বেরিয়ে ভেন্যু শহর দুবাই পৌঁছানোর পর ১ কিলোমিটারও বিমান ভ্রমণ করেননি। অন্যদিকে নিউজিল্যান্ড এক দেশ থেকে আরেক দেশে, এক শহর থেকে আরেক শহরে বিমান ভ্রমণ করেছে ৭ হাজার কিলোমিটারেরও বেশি!

ভারতের এই বাড়তি সুবিধা নিয়ে টুর্নামেন্টের শুরু থেকেই ব্যাপক সমালোচনা হচ্ছে। ইংল্যান্ডের সাবেক দুই অধিনায়ক নাসের হুসেইন, মাইক আথারটন, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, দক্ষিণ আফ্রিকার ফর ডার ডুসেনরা তো বটেই, ভারতের পেসার মোহাম্মদ শামিও ভ্রমণ না করার সুবিধা স্বীকার করেছেন। গ্রুপ পর্বে ভারতের সঙ্গে একই গ্রুপে থাকায় নিউজিল্যান্ডের ভ্রমণ বেশি হয়েছে।

পাকিস্তানের বিপক্ষে কিউইদের প্রথম ম্যাচ ছিল করাচিতে। এরপর রাওয়ালপিন্ডিতে তাদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলতে তারা দুবাই যায়। সেখানে ম্যাচ খেলেই আবার সেমিফাইনাল খেলতে যেতে হয়েছে পাকিস্তানের লাহোরে। এবার ফাইনাল খেলতে তাদের আবার যেতে হয়েছে দুবাইয়ে। যদিও তিন দিনের বিরতি পেয়েছে বিশ্রামের জন্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত