ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়কের তালিকায় বেন স্টোকস!

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১০:৪২ এএম

বছরখানেকের বেশি হলো ইংল্যান্ডের সাদা বলের দলে দেখা যায় না অল-রাউন্ডার বেন স্টোকসকে। অধিনায়ক হিসেবে তিনি লাল বলেই সকল মনোযোগ দিয়েছেন। চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতায় জস বাটলার নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর স্টোকস নতুন করে আলোচনায় উঠে এসেছেন। নতুন অধিনায়কের সংক্ষিপ্ত তালিকায় তার নামও আছে।

বাটলারের নেতৃত্বে সর্বশেষ বেশ কয়েকটি সিরিজ ও টুর্নামেন্টে ইংল্যান্ডের পারফর্মেন্স ভালো ছিল না। চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যাওয়ায় শুরু হয় প্রবল সমালোচনা। তাই নিজেদের শেষ ম্যাচের আগেই নেতৃত্ব ছেড়ে দেন বাটলার। এখন সাদা বলে নতুন অধিনায়ক খুঁজছে ইংল্যান্ড। সম্ভাব্য অধিনায়ক হিসেবে হ্যারি ব্রুক, ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোনের সাথে উঠে এসেছে বেন স্টোকসের নাম।

গতকাল বৃহস্পতিবার ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক রব কি লর্ডসে সাংবাদিকদের বলেন, ‘সম্ভাব্য সব বিকল্পই বিবেচনা করা হবে। প্রতিটি বিকল্পে চোখ বুলিয়ে ভাবতে হবে যে- কী করলে ভালো হবে? এটা অন্যান্য বিষয়ের ওপর কেমন প্রভাব ফেলবে ইত্যাদি। বেন স্টোকস আমার দেখা সেরা অধিনায়কদের একজন। তাই তাকে বিবেচনা না করা বোকামি হবে।’

গত ডিসেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্টের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে তিন মাসের জন্য ছিটকে গিয়েছিলেন ৩৩ বছর বয়সী বেন স্টোকস। অস্ত্রোপচারের পর এখন অনেকটা সেরে উঠেছেন। সম্প্রতি আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্সের অনুশীলন ক্যাম্পে দেখা গেছে ইংল্যান্ডের দুটি বিশ্বকাপ জয়ের এই নায়ককে। ২০২৩ বিশ্বকাপের পর আর ওয়ানডে খেলেননি, সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২২ বিশ্বকাপের ফাইনালে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত