লা লিগার দ্বিগুণ আয় ইংলিশ প্রিমিয়ার লিগের

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৫:৩৬ পিএম

ইউরোপিয়ান ফুটবলে আর্থিক দিক থেকে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক এগিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ। উয়েফার সাম্প্রতিক প্রতিবেদনে প্রকাশিত তথ্যে উঠে এসেছে, লিগটির সম্মিলিত আয় স্পেন ও জার্মানির শীর্ষ লিগের তুলনায় প্রায় দ্বিগুণ।

উয়েফার বার্ষিক ইউরোপিয়ান ক্লাব ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপ রিপোর্ট অনুযায়ী, ২০২৩ অর্থবছরে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো মোট ৭.১ বিলিয়ন ইউরো (৫.৯ বিলিয়ন পাউন্ড) আয় করেছে। বিপরীতে, লা লিগার আয় ছিল ৩.৭ বিলিয়ন ইউরো এবং বুন্দেসলিগার ৩.৬ বিলিয়ন ইউরো। মহামারির আগের তুলনায় ইউরোপের শীর্ষ লিগগুলোর সম্মিলিত রাজস্ব বেড়েছে ১৭ শতাংশ, যা এখন দাঁড়িয়েছে ২৬.৮ বিলিয়ন ইউরোতে।

প্রিমিয়ার লিগের মাঝারি মানের ক্লাবগুলোর গড় আয় বুন্দেসলিগার তুলনায় ৬০% বেশি এবং সিরি আ ও লা লিগার ক্লাবগুলোর তুলনায় তিন গুণ। এর প্রধান কারণ হিসেবে বিশেষজ্ঞরা দেখছেন সম্প্রচার স্বত্ব থেকে প্রাপ্ত অর্থ, যা ভবিষ্যতে আরও বাড়তে পারে। ইউরোপের অন্যান্য বড় লিগে সম্প্রচার আয় স্থবির থাকলেও ইংল্যান্ডে এটি দ্রুতগতিতে এগোচ্ছে।

গত পাঁচ বছরে ইউরোপের শীর্ষ লিগগুলোর অভ্যন্তরীণ সম্প্রচার আয় মাত্র ৩% বেড়েছে, তবে বাণিজ্যিক চুক্তি, স্পনসরশিপ এবং গেট রেভিনিউতে বড় উল্লম্ফন এসেছে। ২০২৪ সালের প্রাথমিক তথ্য অনুযায়ী, গত বছর গেট রেভিনিউ ১১% বৃদ্ধি পেয়েছে, যেখানে প্রিমিয়াম সিটিং টিকিট বিক্রি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দর্শক উপস্থিতিও মহামারিপূর্ব সময়ের তুলনায় ৬% বেশি।

প্রিমিয়ার লিগের ক্লাবগুলো তাদের আয়ের গড়ে ৪৯% ব্যয় করেছে খেলোয়াড়দের বেতনে। ইউরোপজুড়ে ২০২৩ সালে খেলোয়াড়দের বেতন ৩% এবং ২০২৪ সালে ৪.৫% বেড়েছে। উয়েফার নতুন অর্থনৈতিক নিয়ম অনুযায়ী আগামী মৌসুম থেকে ক্লাবগুলো তাদের আয়ের ৭০% এর বেশি বেতন ও ট্রান্সফারে খরচ করতে পারবে না। এ নিয়ম কার্যকর হওয়ার ফলে ক্লাবগুলো প্রশাসনিক ও কারিগরি বিভাগে বেশি বিনিয়োগ করছে, যার প্রমাণ ১৯% হারে নন-প্লেয়ার বেতন বৃদ্ধির হার।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চেলসির বর্তমান স্কোয়াড ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল, যার ট্রান্সফার খরচ ১.৬৬ বিলিয়ন ইউরো। এটি রিয়াল মাদ্রিদের ২০২০ সালের ১.৩৩ বিলিয়ন ইউরোর দলকেও ছাড়িয়ে গেছে। এক বিলিয়ন ইউরোর বেশি খরচ করে দল গড়া বাকি তিনটি ক্লাবও ইংল্যান্ডের—ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল।

২০২৩-২৪ মৌসুমে ইউরোপের শীর্ষ ২০টি সর্বোচ্চ বেতনের তালিকায় ৯টি ইংলিশ ক্লাব জায়গা করে নিয়েছে, যেখানে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। তাদের চেয়ে বেশি ব্যয় করেছে কেবল ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজি। এছাড়া গেট রেভিনিউয়ের তালিকায় আর্সেনাল, ইউনাইটেড, টটেনহ্যাম ও লিভারপুলসহ আটটি ক্লাব ১০০ মিলিয়ন ইউরোর বেশি আয় করেছে।

ইউরোপিয়ান ফুটবলে প্রিমিয়ার লিগের আর্থিক আধিপত্য যে আরও সুসংহত হচ্ছে, তা স্পষ্টই বোঝা যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত