এমআরটি লাইন-১ এর পূর্বাচল রুটের ডিজাইন চলাকালীন প্রতিটি ধাপে পূর্বাচল এক্সপ্রেসওয়ে নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিবিড় সমন্বয়ের মাধ্যমে ডিজাইন কাজ সম্পন্ন করা হয়েছে। এমআরটি লাইন-১ ও পূর্বাচল এক্সপ্রেসওয়ের মধ্যে সমন্বয়পূর্বক ডিজাইনের বেশকিছু ছোট-বড় পরিবর্তন করা হয়েছে।
আজ সোমবার ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) প্রকল্প পরিচালক মো. আবুল কাসেম ভূঁঞার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে তিনটি পর্যালোচনা সভা করার কথা উল্লেখ করে বলা হয়, ২০২১ সালে ২০ সেপ্টেম্বর রাজউকের সভাকক্ষে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয় সভা হয়। সেখানে সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে পূর্বাচল এক্সপ্রেসওয়ে বরাবর এমআরটি লাইন-১ নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
১। এমআরটি লাইন-১, ঢাকা বাইপাস সড়ক প্রকল্প ও কুড়িল-পূর্বাচল লিংক রোডের উন্নয়ন প্রকল্পের ইন্টারসেকশন ডিজাইন পর্যালোচনা করে পুনঃউপস্থাপন করা হবে।
২। জোয়ার সাহারা স্টেশন সংলগ্ন ৭ হাজার ৭০০ বর্গমিটার এলাকায় অস্থায়ী ধাতব প্ল্যাটফর্ম নির্মাণ করা হবে, যা নির্মাণ শেষে সরিয়ে নেওয়া হবে।
৩। বোয়ালিয়া নদীর ওপর সেতু সম্প্রসারণ ও বালু ব্রিজে লং স্পান স্টিল ট্রুসস ব্রিজ নির্মাণে রাজউক সম্মতি দিয়েছে।
৪। পূর্বাচল নতুন শহরের ৩০০ ফুট রাস্তার জমি এলিভেটেড স্টেশনের প্রবেশ ও বহির্গমন পথের জন্য ব্যবহার করা যাবে।
৫। এক্সপ্রেসওয়ের যেকোনও ক্ষয়ক্ষতি সীমিত রাখা ও পুনরুদ্ধারের ব্যবস্থা নিতে হবে।
৬। এমআরটি লাইন-১ এর আন্ডারগ্রাউন্ড থেকে এলিভেটেড অংশে রূপান্তর অংশ বাস্তবায়নে ৩০০ ফুট রাস্তার জমি ব্যবহার করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রকল্প বাস্তবায়নের সময় কোনও ধরনের সমন্বয়হীনতা ছিল না এবং সংশ্লিষ্ট সব সংস্থা নিয়মিত সমন্বয়ের মাধ্যমেই কাজ করে যাচ্ছে।
