স্পেনের সহজ নিয়মিতকরণ নীতি আকর্ষণ করছে এশিয়ার অভিবাসীদের

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৫:২৬ পিএম

ইইউর অন্তর্ভুক্ত দেশ ফ্রান্স, জার্মান, বেলজিয়াম, ইতালিসহ সদস্য দেশগুলোর কঠোর অভিবাসন নীতির বিপরীতে স্পেনের সহজ ও মানবিক নিয়মিতকরণ নীতি এখন এশিয়ার অভিবাসীদের জন্য হয়ে উঠছে আশার আলো। ‘আরায়েগো’ নীতির আওতায় দীর্ঘ সময় বসবাস, কর্মসংস্থান কিংবা সামাজিক সংযোগের ভিত্তিতে নিয়মিত হওয়ার সুযোগ পাচ্ছেন অভিবাসীরা।

অভিবাসন বিষয়ক বিশেষায়িত সংবাদ মাধ্যম ইনফোমাইগ্রেন্টস-এর সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশে অভিবাসন নীতি ক্রমশ কঠোর হয়ে উঠেছে। অন্যদিকে স্পেনের সোশ্যালিস্ট সরকার অনিয়মিত অভিবাসীদের জন্য তুলনামূলকভাবে সহজ সুযোগ করে দিয়েছে। এ কারণে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার অভিবাসীরা এখন বৈধতা পাওয়ার লক্ষ্যে স্পেনের দিকে ঝুঁকছেন।

একজন নাম প্রকাশে অনিচ্ছুক অভিবাসী জানান, অন্যান্য দেশে অনেক বছর অনিয়মিতভাবে থাকার পর নিয়মিত হতে চাইলেও জটিল আইনি প্রক্রিয়া ও ডকুমেন্ট জটিলতায় আমরা বিপাকে পড়ি। কিন্তু স্পেনে মানবিক বিবেচনায় অন্তর্ভুক্তির সুযোগ থাকায় আমরা একটু স্বস্তি পাচ্ছি।

সরকারি তথ্য অনুযায়ী, স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছরে নিয়মিত হওয়া অভিবাসীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই এশিয়ার নাগরিক। সরকার শ্রমিক ঘাটতি পূরণে অভিবাসীদের জন্য আইন আরও সহজ ও দ্রুততর করছে।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, প্রয়োজনীয় নথি ও তথ্য না থাকায় এখনো অনেকে নিয়মিত হতে পারছেন না। তারা প্রশাসনিক সহায়তা ও স্থানীয় কমিউনিটির সমন্বয় বাড়ানোর দাবি জানিয়েছেন। স্পেনের এই মানবিক অভিবাসন নীতি ইউরোপে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে, যা ভবিষ্যতে অন্যান্য দেশগুলোর জন্যও অনুসরণযোগ্য হতে পারে নিয়মিতকরণের পথ যত সহজ হবে, ততই অভিবাসীরা সমাজের মূলধারায় যুক্ত হতে পারবেন—এমনটাই আশাবাদ ব্যক্ত করছেন বিশেষজ্ঞরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত