দিল্লির চোখ দিয়ে বাংলাদেশকে না দেখার আহ্বান ব‍্যারিস্টার ফুয়াদের

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৮:৫৬ পিএম

আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে জাতিসংঘ বাংলাদেশ টিম, জেনেভার মানবাধিকার কমিশনের অবদান অনস্বীকার্য। ২০২৪-এর জুলাই-আগস্টের গণঅভ‍্যুত্থানে যে রাষ্ট্রীয় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তা মানবাধিকার দপ্তরের ১১৪ পৃষ্ঠার প্রতিবেদন বিস্তারিত ফুটে উঠেছে।

আজ শনিবার অন্তর্বর্তীকালীন সরকার ও জাতিসংঘের বাংলাদেশ অফিসের যৌথ আয়োজনে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। যেখানে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফরে এসে অংশ নেন। পরে বের হয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, এবি পার্টি মনে করে বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে সর্বপ্রথম জাতিসংঘের বিভিন্ন সংস্থায় শেখ হাসিনা পরিবারের যে সকল আত্মীয়রা রাষ্টীয় স্বজনপ্রীতির মাধ‍্যমে চাকরি পেয়েছে এবং সেগুলোর অপব‍্যবহার করেছে দেশের জনগণের বিপক্ষে সেগুলো খতিয়ে দেখা দরকার। বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও মানবাধিকার লঙ্ঘন বন্ধ নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের অফিস ২-৩ বছর মেয়াদে প্রতিষ্ঠা করা যেতে পারে।

ব‍্যারিস্টার ফুয়াদ রোহিঙ্গাদের নিরাপদে তাদের দেশে প্রত্যাবর্তন করবার জন‍্য জাতিসংঘ মহাসচিবকে আহ্বান জানান। দিল্লির চোখ দিয়ে বাংলাদেশকে না দেখার আহ্বানও জানান তিনি। সেক্ষেত্রে জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশ বিষয়ক উপদেষ্টাদের প্রোফাইল খতিয়ে দেখা উচিত বলে মনে করেন এবি পার্টির সাধারণ সম্পাদক যাতে ভুল তথ‍্য দিয়ে জাতিসংঘ ও এর বিভিন্ন সংস্থাকে যেন বিভ্রান্ত করতে না পারে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত