কালীগঞ্জে দুর্বৃত্তের হামলায় সাংবাদিক আহত

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৯:২৩ পিএম

দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি আব্দুল গাফফারের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালি বাজারে এ হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা হামলা চালিয়ে তার মোবাইল ফোন, নগদ টাকা ও ল্যাপটপ ছিনিয়ে নেয়। আব্দুল গাফফার বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় জড়িতদের ধরতে রাতভর অভিযান পরিচালনা করে কুলথুন এলাকা থেকে ফয়সাল খান নামে একজনকে আটক করেছে পুলিশ।

আহত গাফফারের সঙ্গে থাকা যুগান্তরের কাপাসিয়া প্রতিনিধি মো. খোরশেদ আলম জানান, রবিবার ইফতার শেষে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তারা। রাত ৮টা ৪৭ মিনিটে অজ্ঞাত একটি নম্বর থেকে গাফফারের ফোনে কল আসে। এ সময় অপর প্রান্ত থেকে তারা গাফফারের অবস্থান জানতে চায়। রাত ৯টার দিকে তারা আওড়াখালী বাজারের পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। ওঁত পেতে থাকা কাউলিতা গ্রামের মাদক ব্যবসায়ী মো. আলমগীর হোসেন আকন্দ, সাহেদ, ফালু, কুলথুন গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ফয়সাল ও কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মুনশুরপুর গ্রামের রুবেল এই হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন গাফফার। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

হামলার শিকার আবদুল গাফফার জানান, হামলার ঘটনাটি পরিকল্পিত। সম্প্রতি কালীগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের নানা অপতৎপরতা নিয়ে তার লেখা সংবাদ প্রকাশিত হয়েছে। এতে ক্ষুব্ধ মহল পরিকল্পিত হামলার ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, এ ঘটনায় অভিযান চালিয়ে ফয়সাল খান নামে একজনকে আটক করা হয়েছে। প্রধান আসামি আলমগীর পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত