রোজা রেখেই স্পেনের হয়ে মাঠে নামবেন ইয়ামাল

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১০:৩৮ এএম

রমজান মাস চলছে। বিশ্বের কোটি কোটি মুসলিম ধর্মপ্রাণ হয়ে পালন করছেন সিয়াম-সাধনা। এই পবিত্র মাসে অনেক মুসলিম ফুটবলারও রোজা রেখে মাঠে নামেন, খেলা চলাকালীন সংক্ষিপ্ত বিরতিতে ইফতার করে রোজা ভাঙেন।

তেমনই একজন তরুণ প্রতিভা লামিনে ইয়ামাল। বার্সেলোনার এই উদীয়মান উইঙ্গার কিছুদিন আগেই রোজা রেখে খেলেছিলেন চ্যাম্পিয়নস লিগের ম্যাচে। বেনফিকার বিপক্ষে সেই ম্যাচে গোল করেছেন, সতীর্থ রাফিনিয়াকে দিয়ে করিয়েছেনও। দুই গোলের মাঝে ইফতারের সময় হলেও সামান্য পানি পান করেই রোজা ভেঙেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই দৃশ্য ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভেসেছেন ইয়ামাল।

এবার ক্লাবের পর দেশের হয়েও রোজা রেখে খেলতে যাচ্ছেন এই স্প্যানিশ তারকা। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, দেশের জাতীয় দলের হয়ে প্রথম ফুটবলার হিসেবে রোজা রেখে মাঠে নামবেন ১৭ বছর বয়সী এই উইঙ্গার।

আগামী বৃহস্পতিবার রাতে উয়েফা নেশনস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে স্পেন। ফিরতি লেগ রবিবার নিজেদের মাঠে। ম্যাচ দুটির জন্য ইতোমধ্যেই জাতীয় দলে যোগ দিয়েছেন ইয়ামাল। অনুশীলনেও রয়েছেন সতীর্থদের সঙ্গে।

স্পেনে জন্ম হলেও ইয়ামালের পৈতৃক শেকড় মরক্কোতে। তার বাবা মুনির নাসরাউয়ি একজন মরোক্কান মুসলিম। পৈতৃক ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে এবার রোজা রেখে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ইয়ামাল। যদিও গত বছর জাতীয় দলের হয়ে ম্যাচ খেললেও তিনি রোজা রাখেননি। তবে এবার নিজেকে প্রস্তুত মনে করছেন এই তরুণ প্রতিভা।

সাক্ষাৎকারে ইয়ামাল জানিয়েছেন, রোজা রেখে খেলতে তার কোনো অসুবিধা হয় না। তার কথায়, "মনেই হবে না যে আপনি ক্ষুধার্ত। গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীরকে পানিশূন্য না রাখা। ক্লাবে (বার্সেলোনায়) আমি এ বিষয়ে খুবই সতর্ক। ফজরের নামাজের জন্য ভোর পাঁচটায় উঠি, এরপর ইলেক্ট্রোলাইট জাতীয় পানীয় পান করি, যা সারাদিন শরীরকে আর্দ্র রাখে। ইফতারের সময় আমি চিনি এড়িয়ে প্রচুর পানি পান করি, এতে সবকিছু নিয়ন্ত্রণে থাকে।"

স্পেনের জার্সিতে খেলা প্রথম মুসলিম ফুটবলার নন ইয়ামাল। এর আগে আদামা ত্রাওরে, আনসু ফাতি ও মুনির এল হাদ্দাদিও লা রোহায় খেলেছেন। তবে রমজান মাসে স্পেনের হয়ে ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়নি কারও। এবার সেই নজির গড়তে যাচ্ছেন ইয়ামাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত