বয়স ৪০-এর কোঠায় পা রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সাধারণত এই বয়সে ফুটবলাররা বুটজোড়া তুলে রেখে অবসর নিয়ে ফেলেন। কিন্তু রোনালদো তো ব্যতিক্রম। বয়সকে শুধুই একটা সংখ্যা বানিয়ে দিয়েছেন তিনি। মাঠে তার গতি, শারীরিক সক্ষমতা আর ধারাবাহিক পারফরম্যান্স দেখে বোঝার উপায় নেই যে তিনি ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে এসেছেন।
নেইমার ও লিওনেল মেসির মতো অপেক্ষাকৃত কম বয়সী তারকারাও ফিটনেস ধরে রাখতে লড়াই করছেন। অথচ রোনালদো এখনও দাপট দেখিয়ে যাচ্ছেন। প্রশ্ন উঠছে, তার এমন অতিমানবীয় ফিটনেসের রহস্য কী?
রোনালদোর কঠোর অনুশীলন, স্বাস্থ্যসচেতনতা ও খাবার সম্পর্কে সতর্কতা নতুন কিছু নয়। তবে এবার জানা গেল তাঁর পছন্দের এক বিশেষ খাবারের কথা, যা তাঁকে দীর্ঘদিন ধরে ফিট থাকতে সহায়তা করছে। পর্তুগিজ ঐতিহ্যবাহী এই খাবারের নাম ‘বাকালহাউ আ ব্রাস’।
লবণাক্ত কড মাছ, পেঁয়াজ, আলু ও ডিম দিয়ে তৈরি করা এই খাবার রোনালদোর প্রিয়। শুধু পছন্দের বললে কম বলা হবে, এটি তাঁর মায়ের রেসিপিতে তৈরি হয়, যা রোনালদোর শৈশবের স্মৃতি বয়ে আনে। তাই তো লিসবনে তাঁর মালিকানাধীন রেস্তোরাঁতেও এই খাবার পরিবেশন করা হয়।
এ প্রসঙ্গে রোনালদো বলেছেন, ‘এটা আমাকে আমার শৈশবের কথা মনে করিয়ে দেয়, আমাকে শক্তিশালী রাখে।’
তবে শুধু বাকালহাউ আ ব্রাস নয়, রোনালদোর খাদ্যতালিকায় সাধারণত উচ্চ প্রোটিনসমৃদ্ধ খাবার থাকে। তিনি চিনি এড়িয়ে চলেন এবং পানীয় হিসেবে সবচেয়ে বেশি ভরসা রাখেন পানির ওপর।
সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে এখনো দুর্দান্ত ফর্মে আছেন রোনালদো। চলতি মৌসুমে ৩৩ ম্যাচে করেছেন ২৮ গোল। আন্তর্জাতিক বিরতিতে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলতে ইতোমধ্যেই যোগ দিয়েছেন পর্তুগাল দলে। সেখানে যোগ দিয়েই এক বার্তায় ‘ঘরে ফিরে’ ভালো লাগার কথা জানিয়েছেন এই তারকা।
আগামী ২০ মার্চ রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল। তিন দিন পর ২য় লেগের ম্যাচে ঘরের মাঠে ডেনিশদের আতিথ্য দেবে রোনালদোর দল।
বয়স বাড়লেও থেমে নেই রোনালদো। তার ফিটনেস, ডায়েট ও পরিশ্রমই যেন প্রমাণ করে দিচ্ছে—তিনি এখনও বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে ছুটছেন!
ম্যারাডোনার মৃত্যু নিয়ে পুলিশ কর্মকর্তার বিস্ফোরক তথ্য
ডি মারিয়াকে দলে টানতে চায় মেক্সিকান ক্লাব আমেরিকা