ঈদে হিলি স্থলবন্দরে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০২:২৭ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। পাশাপাশি, সরকারি ছুটি ব্যতীত বন্দর ও কাস্টমসের অন্যান্য কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঈদের ছুটি শেষে আগামী ৬ এপ্রিল থেকে পুনরায় বন্দরের বাণিজ্য কার্যক্রম শুরু হবে।  

নাজমুল হক জানান, চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ বা তার পরে ঈদুল ফিতর উদযাপিত হবে। উৎসব যথাযথভাবে পালনের জন্য হিলি স্থলবন্দর দিয়ে ২৯ মার্চ শনিবার থেকে ৫ এপ্রিল শুক্রবার পর্যন্ত পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ভারতীয় ব্যবসায়ীদেরও অবহিত করা হয়েছে।  

এদিকে, ঈদ উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সরকারি ছুটি ছাড়া বন্দর ও কাস্টমসের অভ্যন্তরীণ কার্যক্রম চলবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এছাড়া, পাসপোর্টধারী যাত্রীদের পারাপারের জন্য কাস্টমসের নির্দিষ্ট বিভাগ চালু থাকবে।

 

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, পাসপোর্টধারী যাত্রীরা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত চেকপোস্ট ব্যবহার করে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত