পঞ্চগড় সীমান্তে ভারতে থেকে অনুপ্রবেশকালে তিন বাংলাদেশি আটক

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৪:৩৯ পিএম

ভারত-বাংলাদেশ অনুপ্রবেশ চেষ্টার সময় পঞ্চগড় সীমান্তে এক শিশুসহ তিন বাংলাদেশিকে আটক করেছে নীলফামারী ৫৬ বিজিবির সদস্যরা। বুধবার (১৯ মার্চ) রাত ৯টা ৪৫ মিনিটে পঞ্চগড় জেলার বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- বোদা উপজেলার নন্দপাড়া নয়াদিল্লী গ্রামের শ্রী জগদ্বীস চন্দ্র রায়ের ছেলে শ্রী পরিতোষ কুমার (২৭), তার স্ত্রী রাধিকা রানী (২৪) ও ৩ বছরের মেয়ে বৈষ্ণবী রানী।  

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে ৫৬ বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোদা উপজেলার মালকাডাঙ্গা বিওপির সীমান্ত পিলার ৭৭৪/৪-আর হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়ীপাড়া নামক স্থান দিয়ে রাতের আধারে বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টায় তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ২ মাস ১৫ দিন আগে কাজের প্রলোভনে দালাল চক্রের মাধ্যমে ভারতে প্রবেশ করে শিলিগুড়িতে অবস্থান করে তারা। কাজ শেষে ২০ হাজার টাকার চুক্তি করে দালাল চক্রের মাধ্যমে পুনরায় দেশে ফেরার চেষ্টায় তাদের আটক করা হয়। এ সময় দালাল চক্রের দুইজন সদস্য পালিয়ে যায়। আটককৃতদের কাছে ২টি মোবাইল ফোন, ভারতীয় ২ হাজার ৩০০ রুপি, বাংলাদেশি নগদ ২৭৮ টাকা উদ্ধার করা হয়। 

নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক (৫৬ বিজিবি) লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এএসসি জানান, শিশুটিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বোদা থানার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আটক স্বামী-স্ত্রীকে বোদা থানায় হস্তান্তর করা হয়। এছাড়া দালাল চক্রের দুইজনকে আটকের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত