সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী: পানি সম্পদ প্রতিমন্ত্রী

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০২ পিএম

সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, প্রতিটি নাগরিকের ধর্মীয় উৎসব উদযাপনের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার। ইতোমধ্যে প্রধানমন্ত্রী নিজ মন্ত্রীসভার সদস্য, সংসদ সদস্য ও সর্বস্তরের জনগণকে প্রতিটি এলাকায় সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। যাতে করে কোনো সুযোগসন্ধানী বা চক্রান্তকারী শক্তি সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদরের গোয়ালপাড়া এলাকায় চাওয়াই নদীর বামতীর এলাকায় ৩৬০ মিটার বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।  

দুর্গাপূজায় আইনশৃঙ্খলার প্রসঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরকারের নির্দেশনায় পঞ্চগড় জেলায় প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে।  একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব নিরাপদ ও আনন্দমুখর করতে স্থানীয় সংসদ সদস্য, প্রশাসন ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন।

সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের আশ্বস্ত করতে এবং উৎসবে উদ্বুদ্ধ করতে প্রধানমন্ত্রী আগামী ১৮ তারিখে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন। এটি একটি নজিরবিহীন পদক্ষেপ বলে যোগ করেন তিনি।

পূজা উপলক্ষে পঞ্চগড়ের সার্বিক নিরাপত্তার চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আমরা স্থানীয়ভাবে অঙ্গসংগঠনগুলোর মাধ্যমে প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত করেছি। তারা সার্বক্ষণিকভাবে প্রতিটি পূজা মণ্ডপে অবস্থান করবেন।

স্থানীয় প্রশাসন ও সনাতন ধর্মাবলম্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অনুরোধ জানিয়ে তিনি বলেন,  এভাবে মিলে মিশে দায়িত্ব নিয়ে কাজ করলে পুরো জেলায় একটি উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ বজায় থাকে।‌

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, গুজব বা অঘটন এড়াতে স্থানীয় সরকার ও প্রশাসন সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে বলে জানান তিনি ।

এসময় পানি সম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় লোকজন।

সর্বশেষ সর্বাধিক পঠিত