আ. লীগকে যারা পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিন্দু পরিমাণ ছাড় নয়

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৭:২৫ পিএম

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (২১ মার্চ) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি মিছিল বের করা হয়। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক দিয়ে তালাইমারি মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আওয়ামী লীগের দোসর হিসেবে এই বাংলার মাটিতে কোনও রাজনৈতিক দল আবির্ভাব হয় তাহলে ছাত্র-জনতারা কোনওভাবেই এটি বরদাস্ত করবে না। আওয়ামী লীগ রাজনীতি করবে কি না, সেটি জনগণ সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট হোক কিংবা আওয়ামী লীগের দোসর কোনও রাজনৈতিক দল হোক, তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।

এ সময় আওয়ামী লীগকে নাৎসি পার্টি হিসেবে নিষিদ্ধ করা ছাড়া আর কোনও উপায় নেই বলে মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব মেহেদী সজীব।

তিনি বলেন, যেদিন আবু সাঈদের রক্তে রংপুরের জমিন লাল হয়েছে, সেদিনই আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে। একটি রাজনৈতিক দল যখন রাজনীতি বাদ দিয়ে গণহত্যা, গুম, খুন ও ত্রাসের রাজনীতিতে মেতে উঠে, তখন সেটাকে নাৎসি পার্টি হিসেবে নিষিদ্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকতে পারে না। আওয়ামী লীগের দোসর হিসেবে এই বাংলার মাটিতে শুধু জলপাই কালারের কেউ নয়, কোনো রাজনৈতিক দল আবির্ভাব হয়, আমরা ছাত্র-জনতা কোনওভাবেই এটি বরদাস্ত করব না। জুলাইয়ের দুইহাজার শহীদের রক্তের সঙ্গে আমরা বেঈমানি করতে পারি না।

আওয়ামী লীগের পুনর্বাসনকারীদের হুঁশিয়ারি দিয়ে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্ন তো আমরা ৫ আগস্টে নিশ্চিত করে ফেলেছি। আওয়ামী লীগকে আর বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না।

সমাবেশটি সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক মাহায়ের ইসলাম। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত