ভারতের বিপক্ষে জয় চাই বাংলাদেশ ফুটবল দলের। এমনটাই জানালেন অধিনায়ক জামাল ভূঁইয়া। শিলংয়ে আগামীকাল মেঘালয় রাজ্যের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী কণ্ঠে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন জামাল।
সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়া বলেন, ‘আমি যে উত্তরটা দেবো সেটা হলো, আপনি যখন আপনার বড় ভাইয়ের সঙ্গে খেলেন, আপনে সবসময় জিততে চান। আমরাও সেইম। এইটা আমার উত্তর। আমরা ভারতের বিপক্ষে জিততে চাই। চাপ তো আছেই। সব ম্যাচেই চাপ আছে। তবে এই ম্যাচে একটু বেশি ফোকাস আছে। কারণ এটা ভারত। আর আপনারা জানেন কি হয়েছে লাস্ট এক বছর। আমরা চাপ অনুভব করছি, একই সঙ্গে আমরা কুল।’
ভারতের বিপক্ষে বরাবরই লড়াই করেছে বাংলাদেশ। ইতিহাসে এগিয়ে থাকলেও ভারতীয় দলকে এবার চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত জামাল-তপুরা। ইংলিশ ফুটবল মাতানো হামজা চৌধুরীকে ঘিরে তৈরি হয়েছে নতুন আশা। ভারতের কোচ মানাকো মারকেজও হামজাকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছেন বলে জানা গেছে।
এশিয়ান কাপ বাছাইয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ চাইবে নিজেদের সেরাটা দিতে। ভারতের মাটিতে বড় কোনো সাফল্য পেলে জামাল ভূঁইয়ার নেতৃত্বে বাংলাদেশের ফুটবল ইতিহাসে লেখা হবে নতুন অধ্যায়।
তামিমের হার্টে রিং প্রতিস্থাপন, অবস্থার উন্নতি