‘ছক্কা মেরেই ম্যাচ জেতাব’ –পণ করেছিলেন আশুতোষ

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০১:২৮ পিএম

লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৩ বল হাতে রেখে ১ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। গতকাল সোমবারের ম্যাচে দিল্লির নায়ক আশুতোষ শর্মা। অচেনা এবং অনভিজ্ঞ এই ক্রিকেটারকে ৩ কোটি ৮০ লাখ রুপিতে দলে নিয়েছিল দিল্লি। প্রথম ম্যাচেই নিজের সামর্থ্য প্রমাণ করলেন আশুতোষ।

গত আইপিএলে পাঞ্জাব কিংসে ছিলেন আশুতোষ। এবারের নিলামে তাকে কিনে নেয় দিল্লি। সোমবার ৩১ বলে ৫টি করে চার-ছক্কায় অপরাজিত ৬৬ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে তিনি বলেন, ‘আমি খুব শান্ত ছিলাম। ঠিক করে রেখেছিলাম যে, মোহিত যদি সিঙ্গেল নেয়, তাহলে আমি ছক্কা মেরে খেলা শেষ করব। সেই আত্মবিশ্বাস আমার ছিল। খেলাটা উপভোগ করছিলাম। আমার পরিশ্রমের মূল্য পেয়েছি।’

২৬ বছর বয়সী আশুতোষের জন্ম মধ্যপ্রদেশে। রেলওয়েজের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা এই তরুণ আরও বলেন, ‘আমি নিজের দক্ষতার ওপর ভরসা রেখেছিলাম। খুব বেশি কিছু করার চেষ্টা করিনি। খেলাটাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলাম। শেষদিকে দ্রুত রান তুলে ম্যাচ জেতানোর পরিকল্পনা ছিল। সেই কারণেই ২০তম ওভার পর্যন্ত খেলা নিয়ে যেতে চেয়েছিলাম।’

আশুতোষের ইনিংসটার দিকে তাকালে তার পরিপক্কতা বোঝা যায়। ৩১ বলের ইনিংসে প্রথম ২০ বলে তিনি করেছিলেন ২০ রান। পরের ১১ বলে তোলেন ৪৬ রান। ম্যাচের পরিস্থিতি বুঝে রানের গতি বাড়িয়েছিলেন আশুতোষ। তিনি বলেন, ‘গত মৌসুমের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি। এই বছর সেগুলো প্রয়োগ করব। একই ভুল আমি দুই বার করতে চাই না। ঘরোয়া ক্রিকেটে যা শিখেছি, সেটাই এখানে করার চেষ্টা করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত