ধোনিকে ৯ নম্বরে ব্যাটিং করানোয় সমালোচনার ঝড়

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০২:৪৪ পিএম

বয়স হয়ে গেছে ৪৩ বছর, এখনও ব্যাট হাতে ঝড় তুলতে পারেন মহেন্দ্র সিং ধোনি। গত শুক্রবার হায়দরাবাদের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলেন ১৬ বলে অপরাজিত ৩০ রানের ইনিংস। কিন্তু তাকে ৯ নম্বরে ব্যাট করানোয় সমালোচনার ঝড় উঠেছে। ধোনি কেন ৯ নম্বরে ব্যাট করবেন?

ম্যাচটিতে বেঙ্গালুরুর ১৯৭ রানের লক্ষ্য তাড়ায় ৮০ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে চেন্নাই সুপার কিংস। তখনও ৪৩ বলে তাদের দরকার ছিল ১১৭ রান। সবাই ধারণা করছিল, তখন হয়তো ধোনিকে ব্যাটিংয়ে পাঠানো হবে। কিন্তু ধোনিকে ব্যাটিংয়ে পাঠানো হয় ৯ নম্বরে। কিন্তু ততক্ষণে ম্যাচ থেকে ছিটকে গেছে চেন্নাই। ২৮ বলে দরকার ছিল ৯৮ রান। তাই ধোনির ব্যাটিং ঝড় কেবল দর্শকদের আনন্দই দিয়েছে।

৩৯৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই নিয়ে স্রেফ দ্বিতীয়বার ৯ নম্বরে ব্যাটিংয়ে নামলেন ধোনি। এই ঘটনায় জনপ্রিয় ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, ‘ধোনি ৯ নম্বরে?’ সাবেক অল-রাউন্ডার ইরফান পাঠান লিখেছেন, ‘আমি কখনই ৯ নম্বরে ধোনির ব্যাট করার পক্ষে নই। এটা দলের জন্য আদর্শ নয়।’ এই কাণ্ডের প্রতিবাদ করেছেন রবিন উত্থাপাও।

একসময় চেন্নাইয়ের হয়ে খেলা অস্ট্রেলিয়ান অল-রাউন্ডার শেন ওয়াটসনও ভীষণ অবাক। তিনি ‘জিওস্টার’কে বলেছেন, ‘১৬ বলে ৩০ রান করেছে ধোনি, চেন্নাইয়ের ভক্তরা ঠিক এটাই দেখতে আসে। আমি তাকে আরও ওপরে ব্যাট করতে দেখতে চাই। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় ধোনি আরও ১৫ বল এভাবে খেলতে পারত। গত কয়েক বছর ধরে সে ধারাবাহিকভাবে দেখিয়েছে যে, এখনও সে ভালো ব্যাটিং করছে। আমি সত্যিই বিশ্বাস করি যে, তাকে ওপরে নামানো উচিত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত