আইপিএলে ধোনির উপস্থিতিই বড় ব্যাপার : ক্রিস গেইল

আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ০২:৪৬ পিএম

মহেন্দ্র সিং ধোনি কেন আইপিএল খেলছেন? চেন্নাই সুপার কিংসই কেন তাকে খেলাচ্ছে? তিনটি আইসিসি শিরোপাজয়ী সাবেক ভারত অধিনায়ককে ব্যাট করতে দেখা যাচ্ছে ৮-৯ নম্বরে। এ নিয়ে চলছে সমালোচনা। কেন ৪৩ বছর বয়সী ধোনিকে বয়ে নিয়ে যাচ্ছে চেন্নাই –এমন প্রশ্নও তুলছেন কেউ কেউ। তবে ‘ক্যারিবিয়ান দানব’ খ্যাত ক্রিস গেইল এভাবে ভাবছেন না। তার মতে, ধোনি মানেই বাড়তি কিছু।

‘ইনসাইড স্পোর্ট’কে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের (১৭৫) মালিক গেইল বলেন, ‘ধোনি আইপিএলকে যা দিয়েছে, অন্য কারও সঙ্গে তার তুলনা হওয়া উচিত নয়। আইপিএলে ধোনির উপস্থিতি সবসময়ই বাড়তি কিছু যোগ করে। ধোনিকে যদি বেশিদিন খেলতে দেখতে চান, তাহলে তাকে চাপে ফেলা বন্ধ করুন। এটা করলে তার মতো একজন দুর্দান্ত ব্যক্তিত্বের মানুষ এবং ক্রিকেটারকে ভুল বার্তা দেওয়া হতে পারে।’

আন্তর্জাতিক ক্যারিয়ার অনেক আগে শেষ করলেও ধোনি এখনও তুমুল জনপ্রিয়। তাই আইপিএলের স্বার্থেই ধোনিকে এই টুর্নামেন্টে আরও বেশি দিন দরকার বলে মনে করেন ‘দ্য ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল, ‘ধোনির মতো কিংবদন্তিকে ভুল বার্তা দেওয়া ঠিক হবে না, কারণ সে আইপিএলকে অনেক কিছু দিয়েছে। সে ৩ নম্বরে নামুক বা ১১ নম্বরে, তাতে কিছুই যায় আসে না। চেন্নাইয়ের হয়ে, আইপিএলে লোকে তার একটা ঝলক দেখতে চায়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত