ট্রেবল নিয়ে কথা বলার সময় আসেনি, মনে করেন ফ্লিক 

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৬:১১ পিএম

কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে কোপা দেল রে ফাইনালের টিকিট কেটেছে বার্সেলোনা। তবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে আসন্ন ফাইনাল নিয়েও খুব বেশি উচ্ছ্বাস দেখাতে নারাজ বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। 

বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে কাতালানরা। টানা ২১ ম্যাচ অপরাজিত থাকার পাশাপাশি ইউরোপের শীর্ষ পাঁচ লিগের একমাত্র দল হিসেবে ২০২৫ সালে এখনো কোনো হার দেখেনি তারা। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ এবং কোপা দেল রে—তিন শিরোপার স্বপ্ন দেখার মতো পারফরম্যান্সই করছে বার্সেলোনা। তবে ট্রেবল জয়ের সম্ভাবনা নিয়ে কথা বলার বদলে শিষ্যদের মাটিতে পা রেখে পরবর্তী ম্যাচের দিকে মনোযোগী হতে বলেছেন ফ্লিক। 

‘আমি জানি, সবাই ফাইনাল নিয়ে কথা বলতে চায়। এটা 'এল ক্লাসিকো', ব্যাপারটা আমি বুঝি। তবে আমি অতীত বা ভবিষ্যতে বাস করি না। আমাদের ফোকাস থাকতে হবে রিয়াল বেটিসের বিপক্ষে পরবর্তী লা লিগা ম্যাচে,’ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন বার্সা কোচ। 

ফ্লিক আরও বলেন, ‘আমরা সত্যিই ভালো অবস্থানে আছি, তবে আমি এই পেশায় দীর্ঘদিন ধরে আছি এবং জানি, মুহূর্তের মধ্যে সবকিছু বদলে যেতে পারে। তাই আমাদের মনোযোগ ধরে রাখতে হবে। স্বপ্ন দেখা যেতেই পারে, তবে তার আগে কঠোর পরিশ্রম করে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে।’ 

বর্তমানে ৬৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ রয়েছে ঠিক তিন পয়েন্ট পেছনে। তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদ তাদের চেয়ে আরও ছয় পয়েন্ট পিছিয়ে। এখনো নয়টি ম্যাচ বাকি থাকায় শিরোপার লড়াই যে জমজমাট হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। 

এদিকে, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আগামী সপ্তাহে আর্সেনালের বিপক্ষে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ, আর বার্সেলোনা ঘরের মাঠে স্বাগত জানাবে বরুসিয়া ডর্টমুন্ডকে। 

এপ্রিলের ২৬ তারিখে কোপা দেল রে ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। এরপর ১১ মে লা লিগার শিরোপা নির্ধারণী ম্যাচে আবারও মুখোমুখি হবে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী। 

আতলেতিকো মাদ্রিদের মাঠে জেতা সহজ কাজ নয়, তাই এই জয়কে বিশেষভাবে দেখছেন ফ্লিক। ‘এই জয় আমাকে সত্যিই খুশি করেছে। দলকে নিয়ে আমরা গর্বিত। যখন গত গ্রীষ্মে দায়িত্ব নিয়েছিলাম, তখন থেকেই আমি দল নিয়ে বড় স্বপ্ন দেখেছি,’ বলেন তিনি। 

‘আমি খেলোয়াড়দের বলেছি, আজকের পারফরম্যান্স যদি ধরে রাখতে পারি, তাহলে আমরাই জিতব। আমরা সাহসী ছিলাম এবং লড়াই করেছি। এই স্টেডিয়ামে এসে আতলেতিকোর মতো দলের বিপক্ষে ক্লিন শিট রাখা সহজ নয়। তাই এই দলের প্রত্যেক সদস্য গর্বিত হওয়া উচিত,’ যোগ করেন বার্সা কোচ। 

এখন দেখার বিষয়, ফ্লিকের দল কি পারবে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ এবং কোপা দেল রে—তিন শিরোপা ঘরে তুলতে, নাকি স্বপ্নভঙ্গের শঙ্কা অপেক্ষা করছে কাতালানদের জন্য!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত