‘হিটম্যান’ খ্যাত রোহিত শর্মার ক্যারিয়ারে দুঃসময় চলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ আর চ্যাম্পিয়নস ট্রফি জয়ী অধিনায়ক হলেও জাতীয় দলে জায়গা টালমাটাল। চলতি আইপিএলেও তিনি রান পাচ্ছেন না। শুরু হয়েছে সমালোচনা। তবে দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়ের ফর্ম নিয়ে উদ্বিগ্ন নন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ কাইরন পোলার্ড। তার বিশ্বাস, রোহিত অবশ্যই ফর্মে ফিরবেন।
আইপিএলের আগে চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম চার ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও ফাইনালে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন রোহিত। সবাই ভেবেছিল, মারকুটে এই ওপেনার হয়তো ফর্মে ফিরেছেন। কিন্ত আইপিএলে প্রথম ম্যাচে শূন্য রানে ফেরার পর দ্বিতীয়টিতে করেন ৮ রান। দুই ম্যাচেই তিনি আউট হন প্রথম ওভারে। তৃতীয় ম্যাচে ১২ বলে ১৩ রান করে বিদায় নেন। তিনটি ম্যাচের দুটিতেই হেরেছে মুম্বাই।
রোহিতের বিষয়ে সাংবাদিকদের পোলার্ড বলেন, ‘আমি অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে রোহিতের সঙ্গে খেলেছি। বিভিন্ন পরিস্থিতিতে, ভিন্ন ভিন্ন সংস্করণে। সে রেকর্ড বইয়ে নিজের নাম তুলেছে। একজন ক্রিকেটার এবং মানুষ হিসেবে সে কিংবদন্তি। অনেক সময় আসে যখন কয়েকটি ইনিংসে কেউ অল্প রানে আউট হয়ে যায়। এখন সে ক্রিকেট উপভোগ করার অধিকার অর্জন করেছে। তাই এক-দুটি ইনিংস দিয়ে তাকে বিচার না করি।’
আজ শুক্রবার লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে মুম্বাই। এর আগে ৩৮ ছুঁইছুঁই রোহিতকে নিয়ে আশা ছাড়তে নারাজ সাবেক ক্যারিবিয়ান এই হার্ডহিটার। তার বিশ্বাস, রোহিত বড় ইনিংস খেলবেন, ‘আমরা জানি, ক্রিকেটে আমরা সাফল্যে পাওয়ার চেয়ে ব্যর্থ বেশি হই। আমি নিশ্চিত যে, রোহিত যখন আমাদের আবার বড় ইনিংস উপহার দেবে, তখন আমরা তার প্রশংসায় মেতে উঠব। তারপর আমরা পরবর্তী আলোচনায় মন দেব।’
চেলসিকে চার নম্বরে তুলে আনলেন এনজো ফার্নান্দেজ
মধুচন্দ্রিমা ফেলে আইপিএলে এসে দুই হাতে বোলিং!
ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সুনিল নারাইনের ‘ডাবল সেঞ্চুরি’