জুয়ার আসর উচ্ছেদে গিয়ে হামলার শিকার পুলিশ 

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১২:২৪ পিএম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সদর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আসাদ মেম্বার ও ছাত্রদল নেতা আনন্দর তত্ত্বাবধানে পাইকুরা বাজার মাঠে বৈশাখী মেলার নামে জুয়ার আসর উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার হয়েছে ঝিনাইগাতী পুলিশ। শনিবার (৫ এপ্রিল) সন্ধায় হামলার শিকার হয়েছেন দুই এস আইসহ ৫ পুলিশ সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি বছর ঝিনাইগাতী উপজেলায় পাইকুরা বাজারে স্থানীয়ভাবে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এবার মেলায় ঝিনাইগাতী সদর ইউনিয়ন চেয়ারম্যানের ভাই সুলতান, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আসাদ মেম্বার ও ছাত্রদল নেতা আনন্দের তত্ত্বাবধানে জুয়ার আসর বসে। বিষয়টি ঝিনাইগাতি পুলিশের নজরে এলে এসআই মো হারুন অর রশিদ ও এসআই মনিরুজ্জামান নেতৃত্বে উচ্ছেদ অভিযানে যায় পুলিশ সদস্যরা। এ সময় আসাদ মেম্বার ও আনন্দের নেতৃত্বে স্থানীয় ২০ থেকে ৩০ জন জুয়াড়ি পুলিশের ওপর হামলা করে। জুয়াড়িদের হামলায় এসআই মো. হারুন অর রশিদ, এ এসআই মনিরুজ্জামান,কনস্টেবল তাজুল,কনস্টেবল শহিদুল, কনস্টেবল ফরহাদ আহত হয়। পুলিশ সদস্যরা ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

অভিযুক্ত সুলতান ও আসাদ মেম্বার এর বক্তব্য পাওয়া যায়নি। 

অভিযুগের বিষয়ে ছাত্রদল নেতা আনন্দ দেশ রূপান্তরকে বলেন, ইউনিয়ন চেয়ারম্যানের ভাই সুলতান পাইকুরা বাজারে বৈশাখী মেলায় আমাদেরকে জুয়া খেলার অনুমতি দেয়। এজন্য তিনি আমাদের কাছ থেকে টাকা নেয়। পুলিশ আমাদের ধাওয়া দিলে আমরা চলে যাই। পুলিশের ওপর হামলার বিষয়ে আমি কিছু জানি না। 

ঝিনাইগাতী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন দেশ রূপান্তরকে জানান, পাইকুরা বাজারে বৈশাখী মেলায় জুয়ার আসর বসার খবর পেয়ে এস আই মো হারুন অর রশিদ, এ এসআই মনিরুজ্জামান সহ পাঁচ সদস্যের একটি টিম জুয়ার আসর উচ্ছেদে গিয়ে হামলার শিকার হয়। এই বিষয়ে শনিবার রাতেই মামলা করা হবে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত