আইপিএলের ফাঁকে নির্মাণকাজ দেখতে গেলেন স্থপতি বরুণ চক্রবর্তী

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৩:১০ পিএম

‘রহস্য স্পিনার’ খ্যাত বরুণ চক্রবর্তী হাল আমলে বেশ আলোচনায় আছেন। কিছুদিন আগে শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন। এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল মাতাচ্ছেন। আইপিএলের ফাঁকেই বরুণকে দেখা গেল, একটি ভবনের নির্মাণকাজের তদারকি করতে।

ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নিলেও বরুণ আসলে একজন স্থপতি। বছর দুয়েক পেশাদার স্থপতি হিসাবে কাজ করার পর তিনি ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নেন। তবে আগের পেশার সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করেননি। এখনও তার কয়েকজন মক্কেল আছেন। তাদেরই এক জনের অনুরোধে গতকাল শনিবার চেন্নাইয়ে একটি নির্মাণকাজ পরিদর্শন করেন বরুণ। নির্মাণস্থলে হেলমেট পরিহিত অবস্থায় ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন।

আইপিএলের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আজ রবিবার ইডেন গার্ডেন্সে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হওয়ার কথা ছিল কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু রামনবমীতে পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে সংশয় থাকায় কলকাতা পুলিশের অনুরোধে ম্যাচটি মঙ্গলবার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে দুইদিন বাড়তি সময় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেই সুযোগে মক্কেলের অনুরোধে চেন্নাইয়ে নির্মাণকাজ দেখে এলেন বরুণ।

কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বরুণ বলেছিলেন, ‘আমি স্থাপত্যবিদ্যায় পড়াশোনা করেছি। কাত্তানকুলাথুরের এসআরএম কলেজে পাঁচ বছরে পেশাদার কোর্স করেছি। সেটা সম্পূর্ণ আলাদা জগৎ। কম্পিউটার, টি-স্কেল, পেন্সিল, চার্ট পেপার, আঁকা নিয়ে একটা জগৎ। তখন ক্রিকেট দেখতামও না। তবে ক্রিকেটের প্রতি একটা ভালবাসা সব সময়ই ছিল। কখনও কখনও বাড়ির নকশা তৈরি করার সময় ক্রিকেটের ছোঁয়া রাখতাম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত