শেরপুর শ্রীবরদী সীমান্তের বালু দস্যু ‘ডন মাসুদ’ ওরফে ‘বালু মাসুদ’ কে শনিবার (৫ এপ্রিল) রাতে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার (৬ এপ্রিল) সকালে শ্রীবরদী থানায় তাকে হস্তান্তর করা হয়। মাসুদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ছাত্র জনতা।
জানা যায়, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকা সিংগাবরুণা ইউনিয়নের শয়তান বাজার (মেঘাদল) এলাকায় বিএনপির নাম ভাঙ্গিয়ে মাসুদ ও তার দল অবৈধভাবে মূল্যবান লাল বালু উত্তোলন করে আসছিল। বালুর সাথে মাদক পাচার হচ্ছে এমন অভিযোগ ছিল স্থানীয়দের। পরে জেলার কয়েকজন সাংবাদিক ‘ডন মাসুদ’ এর অপকর্মের তথ্য তালাশে গেলে মাসুদ ও তার বাহিনী সাংবাদিকদের ওপর হামলা চালায়।
এ ঘটনায় মাসুদকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। এছাড়াও জালিয়াতির মাধ্যমে ভুয়া রশিদ তৈরি করে বালু পাচারের অভিযোগে মো. জাহাঙ্গীর হোসেন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পরার সাথে সাথে ডন মাসুদের শাস্তির দাবিতে আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রজনতা। মানববন্ধনে বক্তারা ডন মাসুদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানান, র্যাব-১৪ অবৈধ বালু ব্যবসায়ী মাসুদকে শ্রীবরদী থানায় হস্তান্তর করেছে। দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে বিজ্ঞ আদালত শুনানি শেষে তাকে জেলে পাঠান।