মিয়ানমারে সাম্প্রতিক বিধ্বংসী ভূমিকম্পের পর টানা দ্বিতীয় সপ্তাহের মতো চলছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পরিচালিত উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ সহায়তা কার্যক্রম। দলটি জটিল অস্ত্রোপচারসহ এখন পর্যন্ত ৬১৯ জন রোগীকে চিকিৎসা দিয়েছে।
সোমবার (৭ এপ্রিল) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ উদ্ধারকারী দল মিয়ানামের নেপিডো শহরে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধার অভিযান আজও পরিচালনা করা হয়। অভিযানে গুরুত্বপূর্ণ নথিপত্রসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।
এতে আরো বলা হয়েছে, বাংলাদেশ চিকিৎসা সহায়তা দল সোমবার নেপিডো শহরের ৫০ শয্যাবিশিষ্ট যবুথিরি টাউনশিপ হাসপাতাল এবং ১০০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা দিয়েছে। এ ছাড়া বাংলাদেশ মেডিকেল টিম নেপিডোর পিনমানা শহরে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে ১৪৩ জন রোগীর চিকিৎসা সহায়তা দেয়।
মেডিকেল ক্যাম্পেইন স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পেইনে বিভিন্ন বয়সের অসুস্থ রোগীদের সমাগম ঘটে, যেখানে বয়স্ক রোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সোমবার মোট ১৬২ জন রোগীর চিকিৎসাসহ চারটি জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। এ নিয়ে ভূমিকম্পে আহত মোট ৬১৯ জন রোগীকে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ মেডিকেল টিম।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পরিচালিত এই মানবিক তৎপরতা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আগামীকালও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।
