রাজধানীতে গণপিটুনিতে নিহত ২

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০১:৫৭ এএম

রাজধানীর কামরাঙ্গীরচরে রিকশা চালক ও দোকানদারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চাঁদা আদায়ের চেষ্টাকালে গণপিটুনিতে দুই চাঁদাবাজের মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কামরাঙ্গীরচর সিলেটিবাজার এলাকায় এই ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহত রিকশাচালক মনির হোসেন (৩৫) ও চা দোকানদার নুর মোহাম্মদকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গণধোলাইয়ে নিহতরা হলেন, নাদিম (৩৫) ও মাসুদ (৩০)। অপর আহত চাঁদাবাজের নাম সোহাগ (২৮)।

ঢাকা মেডিকেলে আহত মনির হোসেন জানান, তার তিনটি রিকশা রয়েছে। পাশাপাশি তিনি নিজেও রিকশা চালান। গত ৮ মার্চ মাসুদের নেতৃত্বে চাঁদাবাজরা চা দোকানদার নুর মোহাম্মদের কাছে এক লাখ টাকা দাবি করে। কিন্তু চাঁদা না দেয়ায় সেদিন নুর মোহাম্মদকে ছুরিকাঘাতে আহত করে তারা। এসময় তার স্ত্রী বাধা দিতে এলে তাকেও ছুরিকাঘাতে আহত করে। ওই ঘটনায় নুর মোহাম্মদ কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করেছিলের। এর জের ধরে বুধবার রাতে আবার হামলা করে তারা। এতে নুর মোহাম্মদ ও মনির হোসেন আহত হন।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতরা সংঘবদ্ধ ছিনতাইকারী ও চাঁদাবাজ ছিল। এর আগে তাদের নামে মামলা করেছিল ভুক্তভোগী পরিবার। ধারণা করা হচ্ছে, এর জের ধরে বুধবার রাতে কয়েকজন মামলার বাদিসহ দুজনকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তিন চাঁদাবাজকে গণধোলাই দেয়। এতে নাদিম ও মাসুদ মারা যায়। তাদের সঙ্গী সোহাগ আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত