পরিত্যক্ত নবজাতকের নিরাপদ আশ্রয়ে কাজ করছে মুজিব নিউবর্ন ফাউন্ডেশন

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৩:৩৩ পিএম

দেশের পরিত্যক্ত নবজাতকদের উদ্ধার এবং তাদের নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে ‘ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন’। ইতোমধ্যে ৪১টি পরিত্যক্ত নবজাতককে উদ্ধার করে জরুরি চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তুলেছে সংস্থাটি। এসব পরিত্যক্ত নবজাতকদের অনেককে নিঃসন্তান দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ফাউন্ডেশনের কর্ণধার ডা. মো. মুজিবুর রহমান।

সংবাদ সম্মেলনে বলা হয়, ডা. মুজিবুর রহমান বেশ কয়েক বছর আগে থেকেই ব্যক্তি উদ্যোগে এ কার্যক্রমটি পরিচালনা করে আসছিলেন। পরবর্তীতে সমাজের বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে এই ফাউন্ডেশনটি গড়ে তোলেন তিনি।

লিখিত বক্তব্যে ডা. মুজিবুর রহমান বলেন, ফাউন্ডেশনের মূল লক্ষ্য দেশে পরিত্যক্ত নবজাতকদের উদ্ধার করা এবং তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় নিশ্চিত করা। পাশাপাশি পরিত্যক্ত নবজাতকদের অবস্থা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তাদের প্রয়োজনীয় সহায়তা সংগ্রহে সমাজকে উদ্বুদ্ধ করতে প্রতিষ্ঠানটি অঙ্গীকারাবদ্ধ।

১২ এপ্রিলকে জাতীয় পথ নবজাতক দিবস ঘোষণা করার আহ্বান জানানো হয় সরকারের কাছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সরকারি উদ্যোগে ‘নিউবর্ন হাব’ গড়ে তোলা হোক, যেখানে যেকোনও বাবা-মা তাদের জন্ম দেওয়া অনাকাঙ্খিত সন্তানকে নিজের নাম-পরিচয় গোপন রেখে সেখানে রেখে যেতে পারেন।

একই সঙ্গে মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট-এ একটি বিশেষায়িত ইউনিট তৈরি করে সেখানে পথ নবজাতক পরিচর্যার সুযোগ তৈরির দাবি জানায় ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন। যেখানে উন্নত এনআইসিইউ সুবিধা, পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত ডাক্তার ও নার্স, সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা থাকবে।

ডা. মুজিবুর রহমান বলেন, পথ নবজাতকদের জন্য হিউম্যান মিল্ক স্টোরেজ চালু করা জরুরি। কেননা নবজাতকের জন্য মায়ের বুকের দুধ সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু ফেলে যাওয়া নবজাতকদের এ সুবিধা থাকে না। তাই হিউম্যান মিল্ক ব্যাংক চালু করে সেখানে নিরাপদভাবে সংরক্ষিত বুকের দুধ সরবরাহ করা জরুরি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এসব দাবি নিয়ে আগামী ১২ এপ্রিল বিশ্ব পথ নবজাতক দিবস উপলক্ষ্যে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন রাজধানী ঢাকায় এক শোভাযাত্রার আয়োজন করবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, সাত সদস্য বিশিষ্ট ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা সুলতানা আসমা। ফাউন্ডেশনের ট্রেজারার মনোনীত হয়েছেন একই হাসপাতালের পরিচালক শায়খা সুহাদা।

প্রতিষ্ঠানটির চারজন এক্সিকিউটিভ মেম্বার হলেন আশুলিয়া ওমেন অ্যান্ড চিল্ড্রেন হাসপাতালের একাডেমিক পরিচালক ও পেডিয়াট্রিক বিভাগের প্রধান প্রফেসর ডা. সুফিয়া খাতুন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন কবীর মঞ্জু, বাংলাদেশ ব্যাংকের ইন্টারনাল অডিট বিভাগের যুগ্ম পরিচালক (অবসরপ্রাপ্ত) আমেনা খাতুন এবং বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক (ব্যাংক ইনসেপশন ডিপার্টমেন্ট) আবুল কাশেম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত