কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থী ২৫৫৩

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১১:৩৫ পিএম

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয়টি জেলায় এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ২ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) পরীক্ষা শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম।

তিনি বলেন, ‘আমরা জেলা পর্যায়ে থেকে অনুপস্থিতির তথ্য সংগ্রহ করছি। কেন্দ্রভিত্তিক তথ্য সংগ্রহের পর জানা যাবে কেন শিক্ষার্থীরা অনুপস্থিত রইল। এ ব্যাপারে আমাদের আলাদা পর্যবেক্ষণ থাকবে।’

এদিকে আদালতের চিঠি পেয়ে ফেনী জেলা কারাগারে বন্দি দুজন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাদের জন্য প্রশ্নপত্র, উত্তরপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, প্রথম দিনের পরীক্ষায় কুমিল্লা জেলায় পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ৮১২ জন, চাঁদপুরে ৩৩৭ জন, ব্রাহ্মণবাড়িয়ায় অনুপস্থিত ৫৭২ জন, নোয়াখালীতে ৪৪৪ জন, ফেণীতে ১৭৭ জন এবং 

লক্ষ্মীপুর ২১১ জন। এছাড়া কুমিল্লা বোর্ডে  অসদুপায় অবলম্বনের দায়ে  এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবছর এসএসসি পরীক্ষার্থী রয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন। যা গত বছরের তুলনায় ১৩ হাজার ৭৪৮ জন বেশি। এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ছাত্রদের চেয়ে ২৯ হাজার ৩৮০ জন বেশি ছাত্রী অংশ নিচ্ছেন। 

এর আগে সকালে পরীক্ষা শুরুর পর কুমিল্লা জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার জানান, নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠিত করতে প্রশাসন বদ্ধপরিকর। এ ছাড়া শিক্ষার্থী ঝরে পড়া রোধে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনার জন্য সুপারিশ করা হবে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির উদ্দিন আহমেদ বলেন, ‘মোট ২৩ জন পরীক্ষার্থী শ্রুতিলেখকের সহযোগিতায় পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করেছিল। যাচাই-বাছাই শেষে তাদের সবাইকে অনুমোদন দেওয়া হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিবন্ধী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের চেয়ে এক-চতুর্থাংশ সময় বেশি পাবে। 

এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম বলেন, ‘বাল্যবিবাহ কিংবা কর্মসংস্থানের জন্য বিদেশ চলে যাওয়ার কারণে অনেকে ঝরে পড়তে পারে। তবে ঝরে পড়ার হার গত বছরগুলোর তুলনায় কম রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত