‘মার্চ ফর গাজা’র পথ নির্দেশনা

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৭:৩৭ পিএম

গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আগামীকাল (১২ এপ্রিল) পালন করা হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে এ কর্মসূচিতে আগতদের উদ্দেশ্যে পথ নির্দেশনা দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নির্দেশিকা দেন।
 
পোস্টে তিনি লিখেন, ‘দুপুর ২টায় ৫টি পয়েন্ট থেকে মার্চ শুরু করে বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত স্থলে উপস্থিত হতে নির্দেশনা দেওয়া হচ্ছে।’

মার্চ’এর পথ নির্দেশনা তিনি লিখেন, স্টার্টিং পয়েন্ট ১। বাংলামোটর; প্রবেশ পথ: সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেইট (শাহবাগ হয়ে)
স্টার্টিং পয়েন্ট ২। কাকরাইল মোড়; প্রবেশপথ: সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেইট (মৎস ভবন হয়ে)
স্টার্টিং পয়েন্ট ৩। জিরো পয়েন্ট; প্রবেশ পথ: সোহরাওয়ার্দী উদ্যানের টি.এস.সি গেইট (দোয়েল চত্বর হয়ে) 
স্টার্টিং পয়েন্ট ৪। বকশিবাজার মোড়; প্রবেশপথ: সোহরাওয়ার্দী উদ্যানের টি.এস.সি গেইট (শহীদ মিনার হয়ে) 
স্টার্টিং পয়েন্ট ৫। নীলক্ষেত মোড়; প্রবেশ পথ: সোহরাওয়ার্দী উদ্যানের টি এস সি গেইট (ভিসি চত্বর হয়ে) 

এছাড়া সাধারণ দিক নির্দেশনায় তিনি লিখেন, অংশগ্রহণকারীরা নিজ দায়িত্বে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী (যেমন— পানি, ছাতা, মাস্ক) সঙ্গে রাখবেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন। যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখবেন। আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন। রাজনৈতিক প্রতীকবিহীন, সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড ব্যবহার করুন। শুধুমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করতে অনুরোধ করা হচ্ছে। দুষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিহত করতে সক্রিয় থাকুন। কেউ কোন ধরনের নাশকতা ঘটালে, প্রমাণ হিসেবে ছবি তুলে অথবা ভিডিও ধারণ করে রাখুন। প্রতিরোধ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা গ্রহণ করুন। 

বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, টিএসসি মেট্রো স্টেশন ঐ দিন বন্ধ থাকবে। সব পরীক্ষার্থীদের জন্য সকল রাস্তা বিশেষভাবে উন্মুক্ত থাকবে। পরীক্ষার্থীদেরকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়া এবং যেকোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নেওয়ার অনুরোধ রইলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত