এক সময়ের নারীপ্রধান প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত ইনস্টাগ্রামে পুরুষ ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। বিশ্বের কিছু অঞ্চলে মেটার এ সামাজিক যোগাযোগমাধ্যমে পুরুষ ব্যবহারকারীর আধিক্য দেখা গেছে বলে সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে। ২০১০ সালে উন্মোচিত ইনস্টাগ্রাম ধীরে ধীরে ফ্যাশন, বিউটি ও লাইফস্টাইলবিষয়ক কনটেন্টের জন্য পরিচিতি লাভ করে। এসব ক্ষেত্রে নারীদের উপস্থিতি বেশি ছিল।
আর্থিক তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান স্ট্যাট-ইনভেস্টের মতে, ২০১৮ সালেও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মধ্যে নারী ছিল ৫০ দশমিক ৩ শতাংশ ও পুরুষ ৪৯ দশমিক ৭ শতাংশ। ওয়ার্ডস্ট্রিমের ওয়েবসাইট বলছে, তিন থেকে পাঁচ বছর আগেও বিশ্ব জুড়ে ইনস্টাগ্রাম পুরুষদের চেয়ে নারীদের মধ্যে বেশি জনপ্রিয় ছিল। ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী, প্ল্যাটফর্মে বিশ^ব্যাপী প্রায় ৫২ শতাংশ অ্যাকাউন্ট ছিল নারীদের, যেখানে পুরুষ ব্যবহারকারীর হার ৪৮ শতাংশ। পাশাপাশি ওই বছর ইনস্টাগ্রামের শীর্ষ ১০ অনুসরণযোগ্য অ্যাকাউন্টের মধ্যে পাঁচটি ছিল নারীদের। জার্মানভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম স্ট্যাটিস্টার ২০২৪ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী, বিশ^ব্যাপী ইনস্টাগ্রাম ব্যবহারকারীর মধ্যে এখন নারী ৪৯ দশমিক ৪ শতাংশ ও পুরুষ ৫০ দশমিক ৬ শতাংশ।
বিশ্লেষকরা বলছেন, যদিও ইনস্টাগ্রামে একসময় লাইফস্টাইল, সাজগোজ নিয়ে কন্টেন্ট তৈরি হতো বেশি, তবে এখন স্পোর্টস, প্রযুক্তি, মিম ও ইনফ্লুয়েন্সার কনটেন্টের কারণে পুরুষ ব্যবহারকারী বাড়ছে। তাদের মতে, এটি ডিজিটাল অভ্যাসের একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।
উল্লেখ্য, ২০২৫ সালে ইনস্টাগ্রামে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটি ছাড়িয়েছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে এ প্ল্যাটফর্ম ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি প্রায় ৩৮ কোটি। এনগেজমেন্ট বাড়াতে নতুন নতুন ফিচার আনছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে পোস্ট করার নিয়মের ক্ষেত্রে পরিবর্তন দেখা যাবে। নতুন একটি ফিচার নিয়ে এসেছে। এই ফিচারের নাম ‘লকড’, যা খুলতে ব্যবহার করতে হবে সিক্রেট কোড।
এই ফিচারে চাইলেই আপনি কোনো কিছু পোস্ট করতে পারবেন লক করে। অর্থাৎ সেটি আপনার বন্ধুদের ওয়ালে যাবে। কিন্তু তারা দেখতে পাবেন না যে, কী পোস্ট করেছেন আপনি। ওপরে লেখা থাকবে, ‘আনলক দিস রিল’। নিচে লেখা থাকবে, ‘এন্টার সিক্রেট কোড।’ ওই কোড দিলে তবেই দেখা যাবে লক করা ওই পোস্ট। এতে পোস্টের এনগেজমেন্ট বাড়বে। তবে সিক্রেট কোডের বিষয়টা এখনো অফিসিয়ালি জানায়নি ইনস্টাগ্রাম।
