মার্চ ফর গাজা

ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিল-সম্পর্ক ছিন্নের আহ্বান

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৬:১৬ পিএম

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে এ ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

ঘোষণাপত্রে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। এ ছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়।

আয়োজনে অংশ নিয়ে সাধারণ মানুষ ইসরায়েলের বর্বরতা রুখে দিতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানাচ্ছেন। নির্যাতিত ফিলিস্তিনের জন্য জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক মোনাজাত পরিচালনা করেন।

রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ছোট-বড় মিছিলের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হন নানা বয়স ও পেশার মানুষ। এই কর্মসূচিতে একত্রিত হন বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিল্পী, কবি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখরা।

দলমত নির্বিশেষে সবাই এক মঞ্চে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা বন্ধে দৃঢ় অবস্থান নেন এবং সাহসী কণ্ঠে প্রতিবাদ জানান। একই সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং এই আগ্রাসনের নেপথ্যে থাকা অন্যান্য কুশীলবদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় এনে বিচারের দাবিও জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত