রোনালদোর জোড়ায় ঘুরে দাঁড়িয়ে আল নাসরের জয়

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১২:১৬ পিএম

ঘরের মাঠে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে আল নাসর। সৌদি প্রো লিগের ম্যাচে শনিবার আওয়াল পার্কে আল রিয়াদের বিপক্ষে ২-১ গোলে জয়ের নায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। এক গোল পিছিয়ে পড়েও পর্তুগিজ সুপারস্টারের জোড়া গোলে ম্যাচে ফেরে আল নাসর।

প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে এগিয়ে যায় সফরকারী আল রিয়াদ। আল নাসর গোলরক্ষক বেন্তোর হাত ছুঁয়ে প্রতিপক্ষের খেলোয়াড় আবদুল্লাহ আল-খাইবারির শট ফিরে আসে ফাইস সেলেমানির সামনে। কাছ থেকে ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।

বিরতির ১১ মিনিট পর সমতা ফেরান রোনালদো। সাদিও মানের পাস থেকে বল পেয়ে সামনে থাকা গোলরক্ষককে পরাস্ত করেন পর্তুগিজ মহাতারকা। আট মিনিটের ব্যবধানে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। দূর থেকে নেওয়া চমৎকার শটে বল জড়ান পোস্টের ডান কোণে।

ম্যাচের অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে আরও বড় ধাক্কা খায় আল রিয়াদ। খারাপ ফাউলের কারণে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আহমেদ আসিরি।

এই জয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকা আল নাসরের সংগ্রহ দাঁড়াল ৫৭ পয়েন্টে। সমান ২৭ ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল হিলাল। শীর্ষে থাকা আল ইত্তিহাদের পয়েন্ট ৬৫। অন্যদিকে, ৩৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে অবস্থান করছে আল রিয়াদ।

এই ম্যাচে জোড়া গোলের মাধ্যমে চলতি মৌসুমে ৩৫ ম্যাচে রোনালদোর গোল দাঁড়াল ৩২টিতে, সঙ্গে আছে ৪টি অ্যাসিস্ট। ফুটবল ক্যারিয়ারে এ নিয়ে তার গোলসংখ্যা বেড়ে দাঁড়াল ৯৩৩-এ, যা তিনি করেছেন ১,২৭৩টি ম্যাচ খেলে।

এই গোলগুলো ভাগ হয়ে আছে ছয়টি দলে—

আল নাসর (৯৬), পর্তুগাল জাতীয় দল (১৩৬), ম্যানচেস্টার ইউনাইটেড (১৪৫), জুভেন্টাস (১০১), রিয়াল মাদ্রিদ (৪৫০), স্পোর্টিং লিসবন (৫)।

বয়স ৩৯ হলেও এখনও গোলের বন্যা বইয়ে দিচ্ছেন রোনালদো, প্রমাণ করে চলেছেন কেন তাকে ইতিহাসের সেরা গোলস্কোরার বলা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত