চট্রগ্রামের সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত নামক একটি রড তৈরির কারখানায় দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ নামক একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নের সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মো. মোস্তফা (২৪) ও মিরসরাই উপজেলার কুরুয়া এলাকার সামসুল হকের ছেলে মো. রিফাত (২৪)।
স্থানীয়রা জানান, কারখানায় কাজ করার সময় একটি কার্গো লিফটের তার ছিঁড়ে নিচে পড়ে গুরুতর আহত হন দুই শ্রমিক। তাদের উদ্ধার করে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় দুইজন শ্রমিক কার্গো লিফটের তার ছিঁড়ে নিচে পড়ে গুরুতর আহত হন। পরবর্তীতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। লাশের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পহেলা বৈশাখ ঘিরে কোন নিরাপত্তা হুমকি নেই: ডিএমপি কমিশনার