মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাওয়ি মারা গেছেন। সোমবার (১৪ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে মারা যান তিনি। তার জামাতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট এক বিবৃতিতে জানায়, রোববার (১৩ এপ্রিল) বাদাওয়ি শ্বাসকষ্টে ভোগার পর হাসপাতালে ভর্তি হন এবং তৎক্ষণাৎ তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
বিবৃতি বার্তায় আরও জানানো হয়, সব ধরনের চেষ্টা সত্ত্বেও তিনি মারা যান। এ সময় তার পরিবার পরিজনেরা তাকে ঘিরে ছিলেন।’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে বাদাওয়ি দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেন। তিনি এমন একটি মধ্যপন্থী ইসলামি দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, যা ধর্মীয় মৌলবাদ নয় বরং অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্ব দিত। তবে তিনি জ্বালানি ভর্তুকি পর্যালোচনার কারণে জনসাধারণের সমালোচনার মুখে পড়েন। এর ফলে তেলের দাম হঠাৎ বেড়ে গিয়েছিল।
২০০৩ সালে মাহাথির মোহাম্মদ ২২ বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন বাদাওয়ি। মালয়েশিয়ার পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বাদাওয়ি । বাদাওয়ি ২০০৯ সালে পদত্যাগ করেন। এক বছর পর নির্বাচনে তৎকালীন শাসক জোট বারিসান ন্যাশনাল মালয়েশিয়ার ইতিহাসে প্রথমবারের মতো সংসদীয় সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলে। তার পরে প্রধানমন্ত্রী হন নাজিব রাজাক।
জয়পুরহাটে মেয়র প্রার্থীকে লক্ষ্য করে গুলি, আটক ১
পবিপ্রবি শিক্ষার্থীর মৃতুতে তদন্ত কমিটি গঠন