অবশেষে ডিপিএলে দল পেলেন মোস্তাফিজ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৫:২৬ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দল পাননি মোস্তাফিজুর রহমান। দেশের অন্যতম সেরা পেসারকে নিয়ে এবার কোনো দলই আগ্রহ দেখায়নি। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ডিপিএলের সুপার লিগ পর্বে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে দেখা যাবে মোস্তাফিজকে। মোহামেডান কর্তারা আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়েছেন।

লিগের মাঝপথে এসে বিপাকেই পড়েছে মোহামেডান। হার্ট অ্যাটাকের পর তামিম ইকবালের মাঠে নামার প্রশ্নই আসে না। তার জায়গায় নেতৃত্ব পাওয়া তাওহীদ হৃদয়ও এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। ইনজুরির কারণে খেলতে পারছেন না দলের প্রধান স্ট্রাইকবোলারর তাসকিন আহমেদ। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে ডাক পেয়েছেন - মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও মাহিদুল ইসলাম অংকন।

সব মিলিয়ে নিয়মিত একাদশের ৭ জনকেই পাচ্ছে না মোহামেডান। যেহেতু বিদেশি ক্রিকেটার দলে ভেরানোর সুযোগ নেই, তাই মোস্তাফিজের দিকেই হাত বাড়িয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। আইপিএল কিংবা পিএসএলে দল না পাওয়া বাঁহাতি এ পেসার বেকার বসে ছিলেন। এবার তার একটা গতি হলো। মোস্তাফিজের সাবেক ক্লাব প্রাইম ব্যাংকের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেই তাকে দলে টেনেছে মোহামেডান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত