সুপার সাব ইনসান হোসেনের অতিরিক্ত সময়ের নাটকীয় গোলে রহমতগঞ্জকে ২-১ ব্যবধানে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস।
বিকেলে কিংস অ্যারেনায় দ্বিতীয় কোয়ালিফায়ারের ৭৫ মিনিটে প্রথমে এগিয়ে যায় রহমতগঞ্জ। কিন্তু ৭ মিনিটের মধ্যে বসুন্ধরার সাদ উদ্দিন গোল করে সমতা ফেরান। ১-১ স্কোরলাইন নিয়ে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। এই পর্বের দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে রাকিব হোসেনের ক্রসে হেডে গোল করেন বদলী হিসেবে নামা ইনসান হোসেন।
আবাহনীর সঙ্গে ২২ এপ্রিল ফাইনাল খেলবে বসুন্ধরা কিংস।
গেলো শনিবার নিজেদের মাঠে মোহামেডানের কাছে হেরে লিগ শিরোপা ধরে রাখার স্বপ্ন অনেকটাই ম্লান হয়েছিল বসুন্ধরা কিংসের। সেই ম্যাচে মোহামেডান জিতেছিল ২-১ ব্যবধানে। হজম করা দুই গোলেই দায় ছিল গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের। এ ম্যাচেই পুরানো ব্যামো থেকে বের হতে পারেননি শ্রাবণ। ৯ মিনিটে তার ভুলে গোল হজম করতে পারতো কিংস। দূর থেকে আসা বল দুই ডিফেন্ডার থাক সত্যেই ক্লিয়ার করতে পোস্ট ছেড়ে বের হয়ে আসেন শ্রাবণ। তবে বলের নাগাল পাননি তিনি। ঘানাইয়ান স্ট্রাইকার স্যামুয়েল বোয়েটাং শ্রাবণকে পরাস্ত করলেও দেসিয়েলকে পারেননি, শট নেওয়ার আগেই বল ক্লিয়ার করেন ব্রাজিল সেন্টারব্যাক। কর্নার থেকে বল পেয়ে পরের মিনিটে মিশরের মিডিফিল্ডার মোস্তফা মোহাম্মদের বক্সের বাইরে থেকে নেওয়া শট শ্রাবণ ফিস্ট করলেও পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল কর্নারের বিনিময়ে কোন মতে ক্লিয়ার করেন কিংস কিপার।
বসুন্ধরা সেভাবে আক্রমন সাজাতে পারেনি শুরুর দিকে। এই ম্যাচে কোচ ভ্যালিরিউ তিতা মধ্যবর্তী দলবদলে নেওয়া চার বিদেশী একাদশে জায়গা দেন। ব্রাজিলিয়ান মিগেল ফিগেইরা ব্যক্তিগত কারণে বাংলাদেশে নেই। মঙ্গলবার জোনাথন ফার্নান্দেজকেও খেলাননি তিতা। রিয়াল মাদ্রির যুব দলে খেলা আর্জেন্টাইন স্ট্রাইকার হুয়ান লেসকানোকে শুরু থেকে খেলালেও তিনি পারেননি রহমতগঞ্জের নিরেট রক্ষণ ভাঙতে। ঘানাইয়ান উইঙ্গার ইভান্স ইতিও কার্যকর হতে পারেননি। আর একাদশে ফিরে শেখ মোরসালিন পারেননি আস্থার প্রতিদান দিতে৷ সব মিলিয়ে বসুন্ধরার আক্রমণভাগকে বড্ড নির্বিষ মনে হয়েছে শুরুতে। ম্যাচের ৪১ মিনিটে মোরসালিনের গড়ানো ফ্রিকিক বাইরের জাল কাঁপায়। বিরতি থেকে ফিরে অবশ্য গোল পেতে পারতেন লেসকানো। ৪৯ মিনিটে ছোট ডি বক্সের বাইরে হঠাৎ পাওয়া বলে তার ভলি পোস্টে বাধা পেলে বেচে যায় রহমতগঞ্জ।
ম্যাচের ৭৫ মিনিটে কিংস অধিনায়িক তপু বর্মণের ভুলে গাম্বিয়ান ফরোয়ার্ড সলমন কিং এগিয়ে নেন রহমতগঞ্জকে। বদলী হয়ে নামা নাবিব নেওয়াজ জীবনের কাটব্যাক তপু গোলমুখ থেকে ক্লিয়ার করতে ব্যার্থ হলে বল পেয়ে গোলের আনুষ্ঠানিকতা সাড়েন সলমন। ম্যাচের ৮২ মিনিটে অবশ্য বসুন্ধরাকে ম্যাচে ফেরান সাদউদ্দিন। বাঁ দিক থেকে এই লেফটব্যাকের ক্রস এক ড্রপে দূরের জালে জড়ায়। এর আগে রাকিবের একটা আলতো টোকা ছিল তাতে। যা রহমতগঞ্জ কিপার আহসান হাবিবকে বিভ্রান্ত করেছিল। তবে রেফারি গোলের কৃতিত্ব দেন সাদকে। ম্যাচে ফেরে রহমতগঞ্জ।
বাকী সময় কোন দল গোল না পেলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তার আগেই অবশ্য ইনসান হোসেনকে মাঠে পাঠিয়েছিলেন কোচ তিতা। মিডফিল্ডার হলেও তাকে খেলানো হয় স্ট্রাইকিং পজিশনে এবং সুযোগ পেয়ে কাজের কাজটা করে ফেলেন ইনসান। ১১৩ মিনিটে ডানদিক থেকে রাকিবের ক্রসে হেড করে গোল করেই আনন্দে জার্সি খুলে বুনো উল্লাসে মাতেন বদলী এই ফরোয়ার্ড।
শেষ পর্যন্ত তার গোলেই জয় নিয়ে চতুর্থ ফেডারেশন কাপ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে বসুন্ধরা।
অবশেষে ডিপিএলে দল পেলেন মোস্তাফিজ
‘রিয়াল মাদ্রিদ ইজ রিয়াল মাদ্রিদ, তারা সবসময় ঘুরে দাঁড়ায়’