রাহানের বাজে অধিনায়কত্বেই হারছে নাইট রাইডার্স?

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০১:২১ পিএম

পাঞ্জাব কিংসের কাছে হেরে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে নেমে গেছে কলকাতা নাইট রাইডার্স। গতকাল পাঞ্জাবের ১১১ রান তাড়া করতে নেমে আজিঙ্কা রাহানের দল হেরেছে ১৬ রানে! অথচ, সবাই ভেবেছিল হাসতে হাসতে জিতবে কলকাতা। পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠারও সুযোগ ছিল। তাদের এই পিছিয়ে পড়ার পেছনে অধিনায়ক রাহানের ভুলভাল সিদ্ধান্তকেই দায়ী করছেন অনেকে।

রান তাড়ায় নেমে শুরুতে জোড়া ধাক্কা খেয়েছিল কলকাতা। এরপর অবশ্য রাহানে ও অঙ্গকৃশ রঘুবংশী যতক্ষণ খেলছিলেন, ততক্ষণ মনে হচ্ছিল, কলকতার জয় সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ৭.৪ ওভারের মাথায় যুজবেন্দ্র চাহালের বল রাহানের প্যাডে লাগলে আম্পায়ার এলবিডব্লিউ দেন। রাহানে রিভিউ না নিয়ে হাঁটা দেন ড্রেসিংরুমের দিকে। সতীর্থ ব্যাটার তাকে ডেকে থামালেও রিভিউ নেননি।

খালি চোখেই বোঝা যাচ্ছিল যে, বল ছিল অফস্টাম্পের বাইরে। টিভি রিপ্লেতে বিষয়টি পরিস্কার হয়ে যায়। তবু রাহানে রিভিউ নেননি। অনেক বিশ্লেষকই বলছেন, রাহানের এই সিদ্ধান্তই দলের পরাজয়ের অন্যতম কারণ। ম্যাচ শেষে রাহানে বলেন, ‘কী হয়েছে সবাই দেখেছে। ভুল শট খেলে আউট হয়েছি। এই পরাজয়ের দায় আমার। ওই সময় রিভিউ নষ্ট করতে চাইনি। কারণ, অঙ্গকৃশেরও মনে হচ্ছিল যে আম্পায়ার্স কল হতে পারে।’

আসলে অধিনায়ক হলেও রাহানে বুঝতেই পারেননি যে বলের লাইন কোনটা! শুধু তাই নয়, রান তাড়ায় নেমে নাকি নেট রান-রেটের কথাও ভাবেননি রাহানে! সংবাদ সম্মেলনে তার পরিস্কার স্বীকারোক্তি সবাইকে বিস্মিত করেছে। রাহানে বলেছেন, ‘নেট রানরেট আমাদের মাথায় ছিল না। অন্তত যতক্ষণ আমি ব্যাট করছিলাম, ততক্ষণ তো ছিলই না। আমরা খুব খারাপ ব্যাট করেছি। এই হারের পুরো দায় আমার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত