খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৮:০৪ পিএম

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গেল বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে গেলে সংসদ ভেঙে যায়। এ ঘটনার ৮ মাস পার হলেও মানিকগঞ্জের সাটুরিয়ায় হতদরিদ্রদের খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তায় কালো কালিতে এখনও লেখা আছে 'শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ' স্লোগান। এমন লেখা বস্তায় ভরা চাল সাটুরিয়ার ডিলারদের বরাদ্ধ দেওয়া হয়েছে। যা মঙ্গলবার ও বুধবার বিভিন্ন স্থানে বিতরণ করা হয়েছে। এটা নিয়ে বিভিন্ন দলের ও সাধারণ মানুষের মাঝে মিশ্র পতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা যায়, সাটুরিয়া উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নে ১৮ জন ডিলার রয়েছেন। এ সকল ডিলারদের কাছে ৫৯৬৬ জন সুবিধাভোগী আছেন। এর মধ্যে বাতিলের আওতায় আছেন ১৬৫ জন। তাদের জন্য বরাদ্দকৃত সরকার কর্তৃক নির্ধারিত মূল্য ধরা হয়েছে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের বিভিন্নস্থান থেকে শেখ হাসিনার নামসহ ছবি ও বিভিন্ন স্লোগান, বিলবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তা আগের অবস্থায়ই রয়েছে এবং সেই বস্তায় করেই চাল বিতরণ করা হচ্ছে।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন বলেন, ফ্যাসিস্ট সরকারের নামে চালের বস্তায় এখনও স্লোগান থাকাটা দুঃখের বিষয়। যারা ফ্যাসিবাদ সরকারের প্রচারণা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সময়ের দাবি।

এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবু সাইদ (বিএসসি) বলেন, ফ্যাসিস্ট সরকার জনগণ ও ছাত্রজনতার আন্দোলনে দেশ থেকে বিদায় হয়েছে। তার কোনও প্রকার অপকর্ম বা প্রচারণার চিহ্ন দেশে থাকুক তা ছাত্র-জনতা মেনে নেবে না।

মানিকগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. শিশির আহমেদ বলেন, বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। তবে চাল প্যাকেটকৃত বস্তা পরিবর্তন না করে বিকল্পভাবে সমাধানের জন্য জেলা ও উপজেলা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

সাটুরিয়ার উপজেলার বালিয়াটি ইউনিয়নের হতদরিদ্র খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. জয়নুল আবেদীন বলেন, সাবেক প্রধানমন্ত্রীর স্লোগান সম্বলিত বস্তায় চাল দেওয়া হয়েছে। এ চাল বিতরণের সময় আমরাও বিব্রত বোধ করি। তাই এ বস্তার ওপর কালি দিয়ে মোছার চেষ্টা করছি।

সাটুরিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রাবেয়া খাতুন লিজা বলেন, যে সকল বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্লোগান আছে সেটা কালো কালি দিয়ে মুছে ফেলতে ডিলারদের বলা হয়েছে। আমরা যেভাবে চাল বরাদ্দ পেয়েছি সেভাবেই ডিলারদের কাছে হস্তান্তর করছি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত